দুই নেত্রীর কারণে গণতান্ত্রিক পদ্ধতি বিঘ্নিত হচ্ছে: মান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই নেত্রীর কারণে গণতান্ত্রিক পদ্ধতি বিঘ্নিত হচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, দেশে নির্বাচন হবে, তার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। যদি নির্বাচন হয়, তারপর হিংসার রাজনীতি বন্ধ হবে কি না, তারও কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ জাতীয় পার্টির তৃতীয় জাতীয় সম্মেলনে মাহমুদুর রহমান মান্না এই মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বলতে হবে এ দেশের দুর্গতির জন্য তাঁরা দায়ী। বলতে হবে, তাঁরা কীভাবে সমাধান করতে চান? মান্না বলেন, ‘প্রধানমন্ত্রী বক্তৃতা করেন দেশের ব্যাপার নয়, আন্তর্জাতিক ব্যাপার নিয়ে, নোবেল পুরস্কার নিয়ে। টেলিনর একটা কোম্পানি, ওরা নাকি ঘুষের জন্য টাকা দিয়েছে ড. ইউনূসকে। ইউনূস নাকি টাকা দিয়েছেন আবার ক্লিনটন ফাউন্ডেশনকে। সেই ক্লিনটন ফাউন্ডেশন সে টাকা দিয়েছে নোবেল কমিটিকে। আমরা তাঁর কাছে জানতে চেয়েছি—কথাগুলো কি সত্যি? যদি সত্যি না হয় তাহলে নোবেল প্রাইজ কমিটি পর্যন্ত সবাইকে অভিযুক্ত করলেন, এর কারণ কী?’ তিনি বলেন, এই প্রশ্ন করবার কথা ছিল বিরোধী দলের। তারা করছে না। তারা জনগণের কষ্ট নিয়েও প্রশ্ন করছে না। সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার আশীর্বাদ মাথায় নিয়ে স্বাধীন বাংলাদেশ যাত্রা শুরু করেছিল। কিন্তু গত ৪০ বছরেও এ দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পরিণত অবস্থায় পৌঁছাতে পারেনি। সম্মেলন উদ্যাপন কমিটির আহ্বায়ক কে এ জাহাঙ্গীর মাজমাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিকিৎসক এম এ মুকিত, বাংলাদেশ জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হেলাল উদ্দিন ও সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন।