দুই নেত্রীর প্রতি মানুষ অতিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, দেশে এখন শান্তি নেই। সর্বত্র চলছে জ্বালাও-পোড়াও আর নৈরাজ্য। মানুষ নিরাপদে হাঁটতে-চলতে পারছে না। তাই মানুষ এখন পরিবর্তন চাইছে। গতকাল বুধবার বেলা ১১টায় কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে এক পথসভায় তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, ‘দুই নেত্রীর প্রতি দেশের মানুষ এখন অতিষ্ঠ। মানুষ এখন লাঙল প্রতীকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার জন্য অপেক্ষা করছে। তাই দলাদলি বাদ দিয়ে দলের নেতা-কর্মীদের মানুষের কাছে ছুটে যেতে হবে।’জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কবির আহমদ সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত ছিলেন নারীনেত্রী খুরশেদ আরা হক, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মেহেরুজ্জামান, কামাল উদ্দিন, মোশারফ হোসেন প্রমুখ। এরশাদ ২২ ডিসেম্বর সপরিবারে কক্সবাজার ভ্রমণে আসেন। গত মঙ্গলবার তিনি চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক ভ্রমণ করেন। এর আগে সমুদ্রসৈকত, ইনানী পাথুরে সৈকত ভ্রমণ করে সময় পার করেন।