দুই নেত্রীর ফোনালাপ জাতির সামনে প্রকাশ করা উচিত: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দুই নেত্রীর ফোনালাপের কথাবার্তা পত্রপত্রিকায় আংশিকভাবে ছাপানো হচ্ছে। তাই এই কথাবার্তা জাতির সামনে প্রকাশ করা উচিত। আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী খালেদা জিয়াকে খোলা মন নিয়ে সংলাপে আসার আহ্বান জানিয়ে বলেন, ‘নির্দলীয় সরকারের শর্ত দেবেন না, সরকারকে বৈধ বলবেন। নাশকতা বন্ধ করুন। আমরা সংলাপের আশায় থাকলাম। হরতাল প্রত্যাহার করে সংলাপে আসুন।’
তথ্যমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা দুই দিনের আলটিমেটাম দিলেন, এরপর প্রধানমন্ত্রী ফোন করলেন। এর পরও হরতাল দিয়ে বিরোধীদলীয় নেতা নিজের সঙ্গে নিজে বিশ্বাসঘাতকতা করলেন।
তথ্যমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘উনি (খালেদা জিয়া) কি জাতির সঙ্গে ঠাট্টা-মশকরা করছেন না? আমাদের কাছে তা-ই মনে হচ্ছে।’
মন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আল্লাহ কি উনার দিলে রহম দেননি? এখন এক লাখ হজযাত্রী দেশে ফিরছেন, গ্রামের বাড়িতে যাবেন, ২১ লাখের বেশি জেএসসি পরীক্ষার্থীর শেষ প্রস্তুতি চলছে। এ রকম অবস্থায় হরতাল অমানবিক ও দেশবিরোধী। এভাবে চললে মানুষ উনাকে হিংসার রানি, নাশকতার রানি, সন্ত্রাসের রানি বলবেন। তাই নাশকতা বন্ধ করুন, হরতাল প্রত্যাহার করে সংলাপে বসুন।’