দুই নেত্রীর ফোনালাপ: পার্ট - ২
খালেদা: গ্রেনেড হামলা আমরা করিনি, আপনারাই করেছেন।
হাসিনা: রাত ১১টায় পারমিশন দিয়েছেন, সেটাও মনে আছে। এসব কথা আপনাদের মুখে মানায় না।
খালেদা: মুক্তাঙ্গনে সমাবেশ ছিল। সেখান থেকে যে ভেন্যু পরিবর্তন করে আপনাদের অফিসে নিয়ে গেছেন, সেটা পর্যন্ত আমাদের জানাননি। এসব পুরোনো কথা বাদ দেন। এখন আপনাকে আমি বলছি, যদি সত্যিকারের আলোচনা করতে আন্তরিক হন, তাহলে আমাদের কর্মসূচির পরে...
হাসিনা: আমরা নিশ্চয় ঝগড়া করতে চাই না।
খালেদা: আপনি তো ঝগড়া করছেনই।
হাসিনা: আপনি একতরফাই তো বলে যাচ্ছেন। আমাকে তো কথা বলারই সুযোগ দিচ্ছেন না।
খালেদা: আমি একতরফা বলব কেন। আপনি কথা বলছেন আমি জবাব দিচ্ছি শুধু।
হাসিনা: আমি তো আপনার সঙ্গে কথা বলারই সুযোগ পাচ্ছি না।
খালেদা: আপনি বারবার বলছেন হরতাল হরতাল। হরতাল এখন প্রত্যাহার হবে না। আমাদের কর্মসূচি শেষ হলে তারপর যদি...আপনি জানেন। আপনি যদি...
হাসিনা: হরতালের নামে মানুষ খুন করা অব্যাহত রাখবেন?
খালেদা: আমি মানুষ খুন করতে চাই না। আপনারা মানুষ খুন করছেন। কালকেও নয়জন মানুষ আমার খুন করেছেন আপনারা।...আপনার ছাত্রলীগ যুবলীগ করে না?
হাসিনা: না।
খালেদা: আপনার ছাত্রলীগ-যুবলীগের আমরা অস্ত্রসহ ছবি দেখাতে পারব। আপনার ছাত্রলীগ-যুবলীগ কীভাবে খুন করে নিরীহ মানুষকে।
হাসিনা: বললাম তো খুনের রাজনীতি আমরা করি না; বরং আমি দেখি...
খালেদা: ...আপনাদের তো পুরোনা অভ্যাস। আপনারা সেই স্বাধীনতার পর থেকে ’৭১-এ যখন ক্ষমতায় ছিলেন তখনো এই হত্যা করেছেন। এত মানুষ হত্যা করেছেন। এগুলো ভুলে গেছেন আপনি?
হাসিনা: একাত্তরে আমরা মানুষ হত্যা করেছি?
খালেদা: হ্যাঁ অবশ্যই। একাত্তরের পরে
হাসিনা: যুদ্ধপরাধীদের রক্ষার জন্য ...
খালেদা: যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য নয়...। আপনারা যুদ্ধাপরাধীদের বিচার যদি ঠিকমতো করতেন তাহলে আমরা পূর্ণ সমর্থন দিতাম। কিন্তু আপনারা সেই ট্রাইব্যুনাল করেননি। না করে, একতরফা করেছেন এবং আপনার দলে যে অনেক যুদ্ধাপরাধী আছে, সেগুলো একটাও ধরেননি। সেগুলোকে একটাও কেন ধরেননি?
আপনি তো প্রধানমন্ত্রী নন। দলের প্রধানমন্ত্রী। আপনি তো দেশের প্রধানমন্ত্রী হতে পারেননি। নিরপেক্ষতার ঊর্ধ্বে আপনি যেতে পারেননি। তবে ...
না হলে, আমার সঙ্গে এই আচরণ তো আপনারা করতেন না, যা করেছেন আপনারা। আমার সঙ্গে যে আচরণ করেছেন, সেদিন আমার পার্টি অফিসে আপনারা যে আচরণ করলেন, এরপর আর বলতে হবে? বিরোধীদলীয় নেতাকে আপনারা সম্মান দিতে জানেন না। কিসের গণতন্ত্রের কথা বলেন আপনি?
হাসিনা: আপনার কথার জবাব দিতে গেলে আমাকে তো সেই ২০০১ থেকে অনেক কথা বলতে হবে।
খালেদা: সেটার জবাব আমিও দিতে পারি। আপনি দেবেন আমিও দিতে পারি...
হাসিনা: ...এরশাদ বা তাঁর দলের সাথে কী কী করেছিলেন। আর ২০০১ সালে...
খালেদা: একাত্তর সালে আমরা কিছু করিনি। এরশাদের সময় যত করেছেন আপনারা। এরশাদ যখন একটি নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা নিল, তারপর আপনি বললেন আই এম নট আনহ্যাপি। আপনি যখন বিবিসিকে বললেন, তারপরে আর কি থাকে?...ফখরুদ্দীন-মইনুদ্দিন কোন সংবিধানের অধীনে ক্ষমতা নিল...
হাসিনা: ফখরুদ্দীন-মইনুদ্দিন আপনার চয়েজ ছিল।
খালেদা: ফখরুদ্দীন-মইনুদ্দিন আমার চয়েজ ছিল না। আপনার চয়েজ ছিল। আপনি নিজে বলেছেন আমার আন্দোলনের ফসল। এগুলো ভুলে যান কেন? মানুষ তো ভুলে না সেগুলো।
হাসিনা: নয়জন অফিসার ডিঙিয়ে মইনুদ্দিনকে আপনি আর্মি চিফ বানিয়েছিলেন।
খালেদা: আপনি এমন অনেক অফিসারকে বাড়ি পাঠিয়েছেন। সেটা নয়জন না সাতজন, সেটা কথা নয়। আপনি অনেককে ডিঙিয়ে বাড়ি পাঠিয়েছেন। মইনুদ্দিন যেই থাকুক না কেন যখন এটা করল, সেখানে আপনারা...সেই ইয়েতে গেলেন কেন আপনি। সেটা সংবিধানসম্মত হয়নি। সংবিধানসম্মত ছিল না। সেটাতে কেন গেলেন আপনি? সেদিন তো আপনি মনে করেননি। আমরা দুই দলই তখন ক্ষমতার বাইরে... তখন তো একবার মনে করলেন না আমরা আলোচনা করি। ফখরুদ্দীন-মইনুদ্দিনের এখানে যাওয়া ঠিক হবে না। এরা সংবিধানসম্মত নয়। আপনি তো সেটা মনে করলেন না। চলে গেলেন সেখানে হাসিমুখে।
হাসিনা: ...আমি আগুনে বসেও হাসিখুশি থাকি। আবার বাবা, মা, ভাই...
খালেদা: ...অতীত ছেড়ে দিয়ে আমি বলতে চাই এখন সামনের দিকে কী করে আগাবেন...আপনার যদি সত্যি সৎ উদ্দেশ্য থাকে তাহলে আমরা সামনের দিকে কী করে এগোবো...সামনের দিকে এগোতে চাই।
হাসিনা: আপনি তো অনেক অভিযোগ করলেন। আমি তো এত অভিযোগ করতে চাই না। ছোট্ট রাসেল..., ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আমাকে হত্যার চেষ্টা করেছেন।
খালেদা: দেখেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা আপনারা করিয়েছেন। আপনাকে হত্যা করতে কেউ চায়নি।...আপনি যত থাকবেন, তত আমাদের জন্য ভালো।...আপনি যত এ রকম অশ্লীল ভাষায় কথা বলবেন, তত আমাদের জন্য ভালো।
হাসিনা: ১৫ আগস্ট আপনি যখন কেক কাটেন...
খালেদা: ১৫ আগস্ট আমার জন্মদিন। আমি কেক কাটবই।
হাসিনা: খুনিদের উৎসাহিত করার জন্য যখন আপনি কেক কাটেন।...
খালেদা: ...এটা বলবেন না। ১৫ আগস্ট বাংলাদেশে কোনো মানুষের জন্ম হবে না? কোনো মানুষ পালন করবে না? এগুলো বাদ দেন। কথায় কথায় আপনারা বলেন। অনেক কথা বলেন জিয়াউর রহমানকে। আরে জিয়াউর রহমান তো আপনাদের নতুন জীবন দান করেছে। এগুলো কথা বইলেন না। বুঝেছেন! আপনারা তো বাকশাল ছিলেন।... আপনারা জিয়াউর রহমানের বদৌলতে আওয়ামী লীগ হতে পেরেছেন। আদার ওয়াইজ আওয়ামী লীগ হতে পারতেন না।
হাসিনা: ... রাসেলকে তো এই বাসায় ঘুরতেও দেখেছেন।...
খালেদা: নতুন করে শুরু করি। সেটাতে আপনি রাজি থাকেন, আসেন আমরা সুন্দর আলোচনা করি। আমার আলোচনা করতে আপত্তি নাই। কিন্তু সেই ডেট হতে হবে আমার হরতাল শেষ হওয়ার পর।
হাসিনা: আপনার হরতাল প্রত্যাহার করবেন না?
খালেদা: না, আমি হরতাল প্রত্যাহার করতে পারব না। এটা তো আমার ডিসিশন না। এটা ১৮ দলের ডিসিশন। আমি এটা কী করে একলা করব।
হাসিনা: আপনি ১৮ দলকে ডেকে নিয়ে বলেন...
খালেদা: এখন সময় নাই। আপনি যে তাড়া করতেছেন। এখন তো খুঁজে পাওয়া যাবে না লোকজনকে। আপনি তো সবার পেছনে পুলিশ লাগিয়ে রেখেছেন। কী করে মানুষ পাওয়া যাবে, বলেন?
হাসিনা: আমরা পুলিশ লাগিয়ে রাখব কেন?
খালেদা: আপনি লাগিয়ে রাখবেন না তো কে রাখবে? পুলিশ...কার কথায়...আমার কথায় চলে? আপনি তো সবার বাসায় বাসায় রেড করছেন। বস্তি থেকে পর্যন্ত আপনি লোক ধরে নিয়ে যাচ্ছেন।
হাসিনা: যেখানে বোমা ব্লাস্ট হয়ে যাবে...
খালেদা: বোমা ব্লাস্ট হয়ে যাবে। বোমা ব্লাস্ট তো আপনারা করেন আর নাম দেন আমাদের। এগুলো তো আপনাদের পুরাতন ঐতিহ্য।
আমি বলতে চাই, যদি আপনারা ২৯ তারিখের পরে করেন আমি রাজি আছি। আমি নিশ্চয় কথা বলতে রাজি আছি।
হাসিনা: আপনি আলটিমেটাম দিলেন দুই দিনের। আমি দুই দিনের মধ্যেই ফোন করলাম। অথচ এখন হরতালও করবেন আবার বলছেন ২৯ তারিখের পরে। আপনি কী বক্তৃতা দিলেন আর আজকে এখন কী বলছেন, আপনি একটু ভেবে দেখেন।
খালেদা: আমি বলেছি আলোচনা চলুক, কর্মসূচিও চলবে।
হাসিনা: আপনি নিজেই বলছেন দুই দিনের মধ্যে আলোচনা...হরতাল দেবেন না।...শুনেন আমার কথা...আমার এখানে ক্যামেরা নাই...
খালেদা: আমার এখানে ক্যামেরা-টেমেরা নাই। আমি নিজেই কথা বলছি। আমি বাসায় বসে কথা বলছি। অফিসে হলে আমার জন্য সুবিধা হতো। ক্যামেরা-টেমেরা থাকত। টেলিভিশনে দেখব আপনারাই ক্যামেরা দেখাচ্ছেন।...যে বলেছে...টেলিভিশনে স্ক্রল দিয়েছে যে ওনার রেড টেলিফোন ঠিক আছে। তাকে স্যাক করেন। আমি এটা দেখতে চাই।
হাসিনা: এক্সচেঞ্জে আমি খবর নিলাম। ফোন ঠিক আছে। ১০-১২ বার ফোন করেছি।
খালেদা: ফোন ঠিক নাই। তাহলে বলতে চান আমরা কেউ ফোনে শুনছি না। ফোন বাজে আমরা কেউ শুনি না।
হাসিনা: আমি কানে শুনব কী করে। গ্রেনেড হামলায় তো আমার এক কান এমনিতেই নষ্ট। ...ফোন আমি নিজে করেছি।
খালেদা: আপনি নিজে করলে কী হবে। আপনি একটা ডেড ফোনকে... আপনি বলেছেন আপনি ফোন করেছেন।
হাসিনা: ফোন রিং হচ্ছিল
খালেদা: রিং হবে কী করে। যে ফোন ডেড, সেটা রিং হবে কী করে। এটাই তো মন-মানসিকতার পরিচয়। আপনি কি সত্যি কথা বলছেন কি না।
হাসিনা: আমি সত্যি কথা বলছি। মিথ্যা বলার কিছু নেই...
খালেদা: আমি কাল পর্যন্ত চেক করেছি। আপনি করতে পারেন।...ফোন চেক করে রিপোর্ট করেছি। আপনারা...লোকজন...কেউ আসেন। তারা তো আমাদের মানুষ বলে মনে করে না। কাজেই আসেও না, ডেড ফোন ঠিক করার গরজও বোধ করে না। রেড টেলিফোন কেন? আজকাল তো মোবাইল ফোন আছে, টিঅ্যান্ডটি আছে...
হাসিনা: রেড টেলিফোনের দোষ দিয়ে খামাখা মিথ্যা বলার তো দরকার নেই।
খালেদা: মিথ্যে বলব কিসের জন্য। যে টেলিফোন ডেড। ডেডকে ডেড বলবই তো। আপনি বললে তো হবে না যে ফোন বিজি ছিল। এটা বললে কেউ বিশ্বাস করবে না।
হাসিনা: এক্সচেঞ্জে কালকে খবর নেওয়াই যাবে। এটা কোনো ব্যাপার না।
খালেদা: কিন্তু আপনার গুলশান এক্সচেঞ্জ থেকে যে বলেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ সে সত্য কথাটা বলেনি।
হাসিনা: রেড টেলিফোন কিন্তু আলাদা এক্সচেঞ্জ। আরও ভালো করে জানবেন।
খালেদা: আলাদা এক্সচেঞ্জই। টেলিভিশন স্ক্রল দিয়েছে। আপনি নিজে সামনে থাকলে দেখতেন।
হাসিনা: আমি গণভবনের অফিসে বসে আছি। আমার অফিসে কোনো টেলিভিশন নেই।
খালেদা: তাহলে কেন বলা হচ্ছে, টেলিফোন ঠিক আছে।
হাসিনা: আপনার শিমুল বিশ্বাসের সাথে কথা হয়েছে...
খালেদা: আপনার সঙ্গে কথাই ছিল যে এই টেলিফোনে কথা হবে আমাদের। আমি তো বসে আছি এখানে। আধা ঘণ্টা বসে আছি যে আপনার টেলিফোন আসবে। আমরা তো গোপন কিছু বলব না। এক সময় আমরা অনেক কথা বলেছি। এরশাদবিরোধী আন্দোলনে একসঙ্গে কাজ করেছি। কেন কথা বলব না। এখনো বলতে চাই, কাজ করতে চাই। আসুন দেশের...
হাসিনা: আগামী ২৮ তারিখ আসেন। আমরা আলোচনা করি।
খালেদা: না, আমি ২৮ তারিখ যেতে পারব না। আপনি যদি সত্যি আন্তরিক হন, ২৯ তারিখের পর ডেট দেন। আমি যাব।
হাসিনা: আপনি কালকে বললেন...
খালেদা: না, আমি কর্মসূচি দিয়ে ফেলেছি। এখন সম্ভব না।
হাসিনা: আপনি নিজেই বলেছেন, দুই দিনের মধ্যে আলোচনার জন্য না ডাকলে হরতাল দেবেন।