দুই নেত্রীর ফোনালাপ: পার্ট - ৩
খালেদা: আমি হরতাল দিয়ে ফেলেছি। আগে বলা উচিত ছিল।
হাসিনা: আপনি আপনার বক্তব্যটা আবার শোনেন।
খালেদা: হ্যাঁ, এখন আমি নিজে শুনলেও কর্মসূচি দিয়ে ফেলেছি। সঙ্গে সঙ্গেই বলেছি, কর্মসূচিও চলবে, আলোচনাও চলবে।
হাসিনা: আপনি যেহেতু বললেন দুই দিনের মধ্যে...
খালেদা: আমি বলেছি। কর্মসূচি-সংলাপ একসঙ্গে চলবে।
হাসিনা: এর আগেই আমি ফোন করলাম।
খালেদা: না, হরতাল চলবে। কর্মসূচি ঠিক হয়ে গেছে। ১৮ দলের সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে। ১৮ দল পাব কোথায় এখন? এখন কেউ নেই।
হাসিনা: ১৮ দল আপনি পাবেন, ডাকলেই পাবেন। আপনি ডাকলে হবে না, এটা কোনো কথা হলো নাকি। এটা কেউ বিশ্বাস করবে না।
খালেদা: বিশ্বাস করবে না ঠিক আছে। আগে ডাকলে হতো। কিন্তু এখন হবে না, এই কারণে...
হাসিনা: আপনি বললেন, দুই দিনের মধ্যে আলোচনা না করলে আপনি হরতাল দেবেন। এ সময়ের মধ্যেই আপনাকে ফোন করলাম।
খালেদা: না, আপনি যদি কাল রাতেও ফোন করতেন, তাহলে কর্মসূচি বিবেচনা করা যেত। পুরো রাত চলে গেছে। সকালে অফিসে চলে গেছি।
হাসিনা: রাতে ফোন না দিলে তো আপনার হয় না। আমি রাত জাগি না।
খালেদা: আপনি কি সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়েন?
হাসিনা: আমি নামাজ পড়ি...
খালেদা: আমি জানি। আপনি খুব নামাজ পড়েন, কোরআন পড়েন... সব পড়েন। সবই জানি।...
হাসিনা: আপনি যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন আমি ঠিক সেই সময়ের মধ্যেই আপনাকে ফোন করেছি আলোচনার জন্য।
খালেদা: এখন আমার দলের কোনো নেতাকে পাব না, কেন্দ্রীয় কমিটির নেতাদের পাব না, ১৮ দলের নেতাদের পাব না, কার সাথে কথা বলে আমি এটা প্রত্যাহার করব, আপনি বলেন?
হাসিনা: আপনি কাউকে পাবেন না—এটা একটা কথা হলো? আপনি হুকুম দিলেই তো সব হবে।
খালেদা: আরে আপনার ডিবি, এসবি তো আমার বাড়ি ঘেরাও করে রেখেছে। আমার নেতারা কী করে আসবে বলেন?
হাসিনা: আপনারা ছুরি-কাঁচি-দা-কুড়াল নিয়ে মানুষকে আক্রমণ করার কথা বলছেন।
খালেদা: ছুরি-কাঁচি-দা-কুড়াল নিয়ে তো আপনারা করেন। বিশ্বজিৎকে আপনার লোকজন দা দিয়ে হত্যা করল না?
হাসিনা: আমার লোকজন না। যারা করেছে তারা অনেক আগে থেকেই বহিষ্কৃত। আমরা তাদের সবাইকে গ্রেপ্তার করেছি।
খালেদা: আমি আপনাকে আবার রিকোয়েস্ট করছি, ২৯ তারিখের পর আপনি সময় দেন, আমি আলোচনায় রাজি আছি। এখন এই কর্মসূচি থেকে বেরোনোর কোনো পথ নেই। আপনি ৩০ তারিখে ডাকেন, আমি যাব।
হাসিনা: আপনি জনগণের সামনে, জাতির সামনে যে বক্তব্যটা দিয়েছেন, সেটা অনুসরণ করেন। হরতাল প্রত্যাহার করেন।
খালেদা: সেটা করার পথ আর খোলা নেই এখন। টাইম ওভার হয়ে গেছে। আপনি যদি কাল রাতেও ফোন করতেন, আমি রাতেই মিটিং ডাকতাম।
হাসিনা: আপনি দুই দিন সময় দিয়েছিলেন। আমি দুই দিনের মধ্যেই আপনাকে ফোন করেছি।
খালেদা: আপনি কি মনে করছেন এই হরতালেই আমাদের কর্মসূচি শেষ হয়ে যাবে!
হাসিনা: না, না। আপনি তো আরও হরতাল দেবেন। আপনি ৩৩০ দিন হরতাল দিয়েছিলেন। সেটা তো আমার মনে আছে।
খালেদা: ৩৩০ দিন দেইনি কিন্তু। আপনি ১৭৩ দিন হরতাল দিয়েছেন। মনে নেই? আচ্ছা আপনি বলেন, ১৯৯১ সালে আমরা দুজনে আন্দোলন করে গণতন্ত্র আনলাম। তারপরে সেখানে আপনি অপোজিশনে গেলেন, তাতে কি আছে? আমরা একসঙ্গে কাজ করতাম। কিন্তু আপনি তো সংসদে ফ্লোরে দাঁড়িয়ে বললেন এক দিনের জন্য আমাকে শান্তিতে থাকতে দেবেন না।
হাসিনা: এটা আমি বলিনি। নো।
খালেদা: এগুলো তো রেকর্ড আছে। আর তত্ত্বাবধায়ক? তত্ত্বাবধায়ক তখন কার ছিল? জামায়াতের ছিল। আপনি তখন তত্ত্বাবধায়ক ছাড়া মানবেনই না।
হাসিনা: তখন মাগুরার ইলেকশন...।
খালেদা: আরে মাগুরার ইলেকশন? ভোলার ইলেকশন আপনি বলেন না কেন?
হাসিনা: ভোলার ইলেকশনের পরে যে সিচুয়েশন তৈরি হয় তখন উপায় ছিল কি? ওইভাবে ভোট কারচুপি করলে...
খালেদা: এই সিচুয়েশন এখনো হয়েছে। আপনার পক্ষে আপনার ডিসি ভোট চেয়ে বেড়ায়। ডিসি নৌকায় ভোট চেয়ে বেড়ায়।
হাসিনা: ডিসি কী কথা বলছে আর পত্রিকা কী কথা বলছে...
খালেদা: না এগুলো ঠিক তো। আপনি কালকে ডিসিকে বলবেন ব্যালট বাক্স ভর্তি কর। নো, এগুলো হতে পারে না। আপনি যদি ৩০ তারিখে করতে চান। আমি রাজি আছি। আমার এটা ফাইনাল। এর বাইরে আমি যেতে পারি না।
হাসিনা: না না। ডিসিরা ভোট চাইবে কী জন্য।
খালেদা: চেয়েছে তো। পত্রিকায় এসেছে তো।
হাসিনা: ভোট চাওয়ার লোকের আমার অভাব নাই। আমার দল তো এ দেশে সংগ্রামের মধ্যে দিয়েই জন্ম নিয়েছে।
খালেদা: আমার দলও। অনেক সংগ্রাম করে ক্ষমতায় এসেছে। এগুলো কথা বললে কথার পৃষ্ঠে কথা আসবেই।
হাসিনা: আমি আবারও আপনাকে অনুরোধ করছি আপনি হরতালটা প্রত্যাহার করেন।
খালেদা: আমি হরতাল প্রত্যাহার করতে পারব না। আপনি সময়মতো আমাকে টেলিফোন করেননি। সে জন্য আমি দুঃখিত। কালকে যদি টেলিফোন করতেন পরিবেশ পরিস্থিতি অন্যরকম হতো।
হাসিনা: আপনি কালকেই তো আলটিমেটাম দিলেন। কালকে একটার দিকেই তো আপনাকে ফোন করেছি। তা-ও পাইনি। আপনি বলছেন ফোন বাজছে না। কিন্তু আমার যে এডিসি দেড়টা পৌনে দুইটা থেকে চেষ্টা করছে।
খালেদা: ফোন না বাজলে তো আমার কিছু করার নেই। আমি তো বলেছিলাম নয়টার সময় নেতাদের ডাকব, কথা বলব, তখনো তো আমাকে ফোন দিলেন না।...
হাসিনা: আমার জরুরি মিটিং। কোনো মিটিংয়ে আমি দেরি করতে পছন্দ করি না। অলরেডি দেরি হয়ে গিয়েছিল।
খালেদা: আপনি যদি মনে করেন মিটিং বেশি ইমপরটেন্ট না এটা বেশি ইমপরটেন্ট।
হাসিনা: না সব মিটিং তো ইমপরটেন্টই। আমার কথা বলার পর আপনি ১২টার দিকে নেতাদের সঙ্গে বসে হরতালটা প্রত্যাহার করে নিতেন।
খালেদা: মিটিং থেকে বের হয়েও আপনি কথা বলতে পারতেন। তাহলে আমার তখন সিদ্ধান্ত নিতে সুবিধা হতো।
হাসিনা: আপনি দয়া করে এককভাবে সিদ্ধান্ত নেন।
খালেদা: এককভাবে আমি কীভাবে সিদ্ধান্ত নেব?
হাসিনা: আপনি বলেন যে, আমি আপনাকে অনুরোধ করছি। সে অনুরোধের পরিপ্রেক্ষিতে আপনি হরতালটা প্রত্যাহার করছেন। সে কথা জনগণের সামনে বলেন।
খালেদা: না, সেটা তো হবে না। তাহলে আপনি বলবেন যে, আপনি নির্দলীয় সরকার মেনে নেবেন। তাহলে আমি হরতাল উইথড্র করব।
হাসিনা: তাহলে আর আলোচনার কী থাকল?
খালেদা: নো, আলোচনা অনেক থাকে। আলোচনার অনেক প্রক্রিয়া থাকে। আপনি বলেন যে, আমি নির্দলীয় সরকার মেনে নেব। তাহলে আমি হরতাল উইথড্র করব।
হাসিনা: আমার ৯০ ভাগ সিট থাকা সত্ত্বেও আমি আপনাকে আহ্বান জানাচ্ছি সর্বদলীয় সরকার করার জন্য।
খালেদা: সর্বদলীয় সরকার হয় না। আপনি এর আগেও বলেছেন। সেগুলো হতে পারে না। আপনি যদি বলেন যে, এখন আপনি নিরপেক্ষ সরকারের জন্য রাজি আছেন তাহলে আমি হরতাল উইথড্র করে নেব। আপনি বলেন।
হাসিনা: যারা মাইনাস টু করতে চেয়েছিল, তাদের আবার সুযোগ দিতে চান কেন?
খালেদা: আমি দিতে চাই না। সেটা আপনি দিতে চান। আপনি যে ভাষায় কথা বলেন।
হাসিনা: না আপনি তো খুব মধুর ভাষায় কথা বলছেন।
খালেদা: আপনি যে ভাষায় কথা বলেন সে জন্য আমরা আপনার বক্তব্য শুনিই না।
হাসিনা: আমরা যেটা চাচ্ছি যে, পার্লামেন্টে আমরা আছি। পার্লামেন্টে আমরা যেহেতু আছি, কখনো আপনি অপজিশনে কখনো আমি অপজিশনে। কখনো আমি সরকারে কখনো আপনি সরকারে। আমরা যা করব পার্লামেন্টের ভেতরেই করব।
খালেদা: না, না আপনার মিটিংয়ের সময় তো আপনি নষ্ট করছেন। আপনার মিটিংয়ের টাইম তো আমি নষ্ট করতে চাই না। আপনার তো মিটিংয়ে যাওয়ার কথা। আপনি দেরি করছেন তো। আপনার মিটিংয়ের দেরি আমি করতে চাচ্ছি না। এভাবে সব কথা হয় না।
হাসিনা: হরতালটা উইথড্র করে দেন।
খালেদা: না, আপনি বলেন আগে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। এটা নিয়ে আলোচনা হবে। তাহলে আমি হরতাল উইথড্র করে নেব।
হাসিনা: এটা নিয়ে তো যখন কথা হবে তখন আলোচনা হবে আপনাদের সঙ্গে।
খালেদা: আলোচনা তো কোন কোন ব্যক্তি নিরপেক্ষ হবে, নির্দলীয় কীভাবে হবে, আপনার ফর্মুলা থাকবে না আমার ফর্মুলা থাকবে, এগুলো নিয়ে তো আরও অনেক আলোচনা বাকি আছে।
হাসিনা: আপনি নিজের দলের লোকের ওপর ভরসা করেন না।
খালেদা: আমার দলের লোকের ওপর আমার ভরসা আছে। আপনি যদি বলেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে রাজি আছেন, তাহলে কালকেই আমি হরতাল উইথড্র করে দেব। রাতের মধ্যে ঘোষণা দিয়ে দেব হরতাল উইথড্র হবে। আমরা কালকেই আপনার সঙ্গে আলোচনায় বসব। কোনো অসুবিধা নেই। আপনি শুধু এটুকু বলেন।
হাসিনা: আপনি সর্বদলীয়টা মেনে নেন।
খালেদা: না। সর্বদলীয় মানা যায় না। সর্বদলীয় মানা যায় না।
হাসিনা: পরে আবার কাকে আনবেন ফখরুদ্দীন, মইনুদ্দিন হয়ে যাবে। আপনি আর ফখরুদ্দীন, মইনুদ্দিন সৃষ্টি কইরেন না। বরং যা করি আমরা নিজেরা নিজেরা করি।
খালেদা: আমি কিছুই করতে চাই না। আপনি নির্দলীয় সরকারে রাজি হলে বলেন, না হলে আপনি ৩০ তারিখের পরে ডেট দেন। আমি করব। হরতাল প্রত্যাহার হবে না। ২৯ তারিখের পরে ডেট দেন। আমি আলোচনা করব।
হাসিনা: আমি ২৮ তারিখে আপনাকে দাওয়াত দিচ্ছি। আপনি আসেন।
খালেদা: আমি ২৮ তারিখে যেতে পারব না। হরতালের মধ্যে আমি কোথাও যাই না।
হাসিনা: কাদেরকে আনবেন বলেন। আপনি ২৮ তারিখে আসেন।
খালেদা জিয়া: ২৮ তারিখে আমি যাব না। হরতাল প্রত্যাহার হবে না। আপনি যদি ৩০ তারিখে রাজি থাকেন ...।
শেখ হাসিনা: ধন্যবাদ। আপনি ভালো থাকেন।
(কথোপকথনের কিছু অংশ অস্পষ্ট। ফলে কোনো কোনো বাক্যে অস্পষ্টতা থাকতে পারে।)