দুই নেত্রীর ফোনালাপ প্রকাশ হওয়া উচিত : ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আপনি সংলাপের ট্রেন ফেল করলে নির্বাচনের ট্রেনও ফেল করবেন। গণতন্ত্রের ট্রেন ফেল করবেন।’ তিনি আরও বলেন, দুই নেত্রীর ফোনালাপ প্রকাশ হওয়া উচিত।
আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সংলাপের প্রস্তুতি অব্যাহত আছে। এখানে আমাদের নতুন করে কিছু করার নেই। ওনারাই কবে আসতে চান, বলবেন। আমরা সংলাপের আশায় থাকলাম। আমরা মনে করি, প্রধানমন্ত্রীর প্রস্তাব ও খালেদা জিয়ার প্রস্তাব দুটো নিয়েই আলোচনা হতে পারে।’
একই সঙ্গে তিনি হরতাল ও নাশকতা বন্ধ করে খোলামন নিয়ে কোনো শর্ত ছাড়া বিরোধী দলকে সংলাপে আসার আহ্বান জানান।
বিএনপি না এলে একতরফা নির্বাচন হবে কি না, এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘একতরফা নির্বাচন বলে কিছু নেই। সংবিধান অনুসারে নির্বাচন হবে। নির্বাচন কমিশন সেই নির্বাচনের ব্যবস্থা করবে।’
দুই নেত্রীর ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে জানতে চাইলে ইনু বলেন, এটা সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। তবে তথ্যমন্ত্রী মনে করেন, দুই নেত্রীর ফোনালাপ কোনো ব্যক্তিগত ফোনালাপ নয়। এটি রাষ্ট্রীয় সংলাপ। এটা প্রকাশ হওয়া উচিত।