দুই নেত্রীর ফোনালাপ সরকার প্রকাশ করেনি: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দুই নেত্রীর ফোনালাপ সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। তবে তিনি মনে করেন, দুই নেত্রীর ফোনালাপ কোনো ব্যক্তিগত ফোনালাপ নয়। এটি রাষ্ট্রীয় সংলাপ। এটা প্রকাশ হওয়া উচিত।
গতকাল মঙ্গলবার তথ্য অধিদপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আপনি সংলাপের ট্রেন ফেল করলে নির্বাচনের ট্রেনও ফেল করবেন। গণতন্ত্রের ট্রেন ফেল করবেন।’
সমঝোতা না হলে এবং বিএনপি না এলে একতরফা নির্বাচন হবে কি না—এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘একতরফা নির্বাচন বলে কিছু নেই। সংবিধান অনুসারে নির্বাচন হবে। নির্বাচন কমিশন সেই নির্বাচনের ব্যবস্থা করবে।’