দুই নেত্রীর মধ্যে শর্তহীন সংলাপ চায় জনগণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুই নেত্রীর মধ্যে খোলামেলা শর্তহীন সংলাপ চায় জনগণ। বাংলাদেশ আওয়ামী লীগ শর্তহীন সংলাপে বসতে রাজি আছে। বিরোধী দল যদি শর্তহীন সংলাপে বসতে চায় তাহলে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। তিনি গতকাল শুক্রবার দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার আয়োজনে ১০০ জন মুক্তিযোদ্ধার মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এর আগে ওবায়দুল কাদের বৃহত্তর নোয়াখালী গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (জিএনপি) আওতায় উপজেলার সোন্দলপুরে ছয় কিলোমিটার পাকা সড়ক, উপজেলা প্রাণিসম্পদের নির্মিত ভবন, মধ্য সোন্দলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ভবন ও ধানসিঁড়ি ইউনিয়নে সাড়ে আট কিলোমিটার পল্লী বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের শান্তিপ্রিয় মানুষ সুন্দর, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় নির্বাচন চায়, হরতাল চায় না। খেটে খাওয়া মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভবিষ্যৎ ভাগ্য আজ হরতালের আগুনে ঝলসে গেছে। গেল হরতালে ২৮টি তাজা প্রাণ শেষ হয়ে গেল। এর দায় কে নেবে? ঘন ঘন হরতাল বিরোধী দলকে জনবিচ্ছিন্ন করে ফেলবে বলেও তিনি মন্তব্য করেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিরোধীদলীয় নেত্রীর ৪৮ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী ফোন করে নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং দেশের মানুষের স্বার্থে আলোচনার অনুরোধও জানিয়েছেন। দুজনের সেদিনের ফোনালাপ দেশের মানুষ শুনেছে। বিরোধী দলের নেতার আচরণের কথাও সারা দেশের মানুষ জানে। তাই বলছি, আসুন শর্তহীন সংলাপে বসুন। দেশ ও জাতিকে রক্ষা করুন।’

জেলা প্রশাসক মো. সোহেল ইমাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী, পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল বিশ্বাস প্রমুখ।