দুই নেত্রীকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সংলাপ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে না। গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে তা সব দলের কাছেই গ্রহণযোগ্য হতে হবে। এ জন্য দুই নেত্রীকে অবশ্যই সংলাপে বসতে হবে।গতকাল সোমবার কামাল হোসেন তাঁর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন। সংলাপ কোথায় হতে পারে, সাংবাদিকেরা জানতে চাইলে ড. কামাল বলেন, লাখো শহীদের রক্তে গড়া এই বাংলাদেশের স্বাধীনতার প্রতীক স্মৃতিসৌধেই সংলাপের মাধ্যমে সংকট থেকে বের হওয়ার একটি গ্রহণযোগ্য পথ বেরিয়ে আসবে।তবে বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন আশা করেন, এখনকার এ সংকট থাকবে না। এটা কেটে যাবে। কামাল হোসেন জানান, এ সংকট থেকে উত্তরণের জন্য খুব শিগগির তিনি সারা দেশ সফর শুরু করবেন। জাতীয় ঐকমত্য গড়ে তুলতে দেশবাসীকে আহ্বান জানাবেন তিনি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ সংকট কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন কামাল হোসেন। রানা প্লাজা ধসে হাজারো পোশাকশ্রমিকের মৃত্যু প্রসঙ্গে কামাল হোসেন বলেন, ‘আজ আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশকে রানার দেশ বলা হচ্ছে। কিন্তু আমরা বলতে চাইলে এই দেশটা রেশমাদেরও। ভবনধস থেকে পোশাকশ্রমিকদের উদ্ধার করতে দল-মতনির্বিশেষে যে চেষ্টা আমরা দেখেছি, তা আমাদের মুক্তিযুদ্ধের সেই ঐক্যের কথাই স্মরণ করে দেয়।’ সভায় উপস্থিত নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘জাতিসংঘের যে প্রতিনিধিদল এসেছিল, তাদের কাছেও নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হয়েছে, দুই নেত্রীর মধ্যে সংলাপ সম্ভব নয়। কিন্তু জাতিসংঘের প্রতিনিধিদলটি সরকারের অনুমতি নিয়েই দেশে এসেছে। দলটি দুই নেত্রীর সঙ্গেও কথা বলেছে।’ তিনি বলেন, ‘অবশ্যই সংলাপের মাধ্যমে আমাদের সমাধানের পথে এগোতে হবে।’