
প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার টেলিফোন সংলাপ প্রকাশিত হওয়ার মাধ্যমে কেউ বিব্রত হতে পারেন। আবার কেউ খুশিও হতে পারেন। তবে দেশবাসী এখন মূল্যায়ন করতে পারবে, আমাদের প্রধান দুই শীর্ষ নেতা নিজেদের মধ্যে কী ধরনের আলোচনা করতে পারেন। তাঁরা পরস্পরের প্রতি কী ধরনের বিদ্বেষপূর্ণ ধারণা পোষণ করেন।
যদি দুজনের বক্তব্যের সারবস্তুর দিকে তাকাই, তবে দেখা যাবে দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থেকেছেন। আপাতদৃষ্টিতে এর বাইরে যাওয়ার কোনো অবকাশ দেখছি না।
এত কিছুর পরও আশাবাদী মানুষ হিসেবে আমি কিছুটা হলেও আলো দেখতে পাই। কারণ প্রধানমন্ত্রী এর আগে সর্বদলীয় সরকার নিয়ে কিছু বলেননি। নিজেদের অধীনেই একটি সংকুচিত সরকার নিয়ে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। বিরোধীদলীয় নেতাও নির্বাচনকালীন সরকারের একটি প্রস্তাব দিয়েছেন। অন্তত তাঁরা যে নিজেদের আগের অবস্থান থেকে সরে এসে নতুন করে প্রস্তাব দিয়েছেন, তাতে আমি ছাড় দেওয়ার মানসিকতা দেখতে পাচ্ছি।
তবে নির্বাচনকালীন সরকার প্রধানের বিষয়ে ঐকমত্যের লক্ষণ দেখা যাচ্ছে না। যদি দেশের মানুষের উৎকণ্ঠা ও অনিশ্চয়তা মেটানোর সদিচ্ছা দুই দলের থাকে, তাহলে অগ্রসর হওয়া সম্ভব। কিন্তু এর পূর্বশর্ত একটাই, দুজনকেই চাইতে হবে যে তাঁরা ঐকমত্যে পৌঁছাতে চান। টেলিফোন সংলাপ কে ও কীভাবে প্রকাশ করলেন সেটা গুরুত্বপূর্ণ নয়। কোনো না কোনোভাবে এটা প্রকাশিত হতোই। যদি আগে থেকে এমন চিন্তা থাকত যে এই কথোপকথন বের হবে না, তাহলে অবশ্যই তেমন পূর্বপ্রস্তুতি থাকত।
ইফতেখারুজ্জামান
নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ