দুই নৌকার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বনভোজন শেষে বাড়ি ফেরার পথে দুই নৌকার সংঘর্ষে খাদিজা আক্তার (৯) নামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু ও চার শিক্ষার্থী আহত হয়েছে। উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর এলাকায় গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আজবপুর নিডস কিন্ডারগার্টেনের ৪৫ জন শিক্ষার্থীকে নিয়ে কয়েকজন শিক্ষক বনভোজন করতে শনিবার সকালে মোটরযানযোগে হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে যান। বনভোজন শেষে তাঁরা ওই দিন সন্ধ্যায় উপজেলার রসুলপুর বাজারে ফেরেন। ওই বাজার থেকে তাঁরা ইঞ্জিনচালিত নৌকাযোগে আজবপুর গ্রামে ফিরছিলেন। কিছুদূর যাওয়া মাত্র ইটবোঝাই একটি নৌকার সঙ্গে তাঁদের বহনকারী নৌকার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নরসিংহপুর গ্রামের মানজু মিয়ার মেয়ে খাদিজা মারা যায়। এ ছাড়া চার শিক্ষার্থী আহত হয়। অন্য শিক্ষার্থী ও শিক্ষকেরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক নাজমুল হক জানান, আহত শিক্ষার্থীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চক্রবর্তী প্রথম আলোকে জানান, গতকাল রোববার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে খাদিজার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।