দুই নৌপথে নৌযান চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নৌযান চলাচল শুরু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নৌযান চলাচল শুরু হয়।

আমাদের মুন্সিগঞ্জ ও গোয়ালন্দ প্রতিনিধির পাঠানো খবর:

মুন্সিগঞ্জ: আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে নৌযান চলাচল শুরু হয়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ঘন কুয়াশার কারণে এ নৌপথে নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে মাঝনদীতে ১০টি ফেরি কয়েক শ যানবাহন নিয়ে আটকা পড়ে।

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক সিরাজুল হকের ভাষ্য, ঘন কুয়াশার কারণে গতকাল রাত সাড়ে নয়টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নৌপথটির মাগুরখণ্ড চ্যানেলে ঘন কুয়াশা পড়ায় সেখানে ১০টি ফেরি আটকা পড়েছে। সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে আবার নৌযান চলাচল শুরু হয়।

গোয়ালন্দ (রাজবাড়ী): দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকাল সাড়ে ১০টার দিকে নৌযান চলাচল শুরু হয়। ঘন কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ নৌপথটিতে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলামের ভাষ্য, প্রায় সাড়ে ১২ ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর সকালে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নৌযান চলাচল শুরু হয়েছে। এ নৌপথটি বন্ধ থাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে প্রায় চার কিলোমিটার এবং ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে যানবাহনে থাকা যাত্রীরা দুর্ভোগে পড়েন।