দুই নৌপথে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি ও দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ: ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল ছয় ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে নৌপথটিতে ফেরি চলাচল শুরু হয়।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহব্যবস্থাপক সিরাজুল হক বলেন, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়। ঘন কুয়াশার কারণে ভোররাত চারটার দিকে এ নৌপথটিতে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ
গোয়ালন্দ (রাজবাড়ী): দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথেও একই সময়ে ফেরি চলাচল শুরু হয়েছে।
দৌলতদিয়া ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টা ২৫ মিনিটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে চারটা থেকে ওই নৌপথে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মাঝ নদীতে ৪০টির বেশি যানবাহন নিয়ে চারটি ফেরি আটকা পড়ে।