
পদ্মায় নাব্যতার সংকট ও তীব্র স্রোতের কারণে মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে সাত দিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে ঈদফেরত মানুষ ও গাড়ির চাপ সামাল দিতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরির সংখ্যা বাড়ানো হলেও গাড়ির চাপ কমেনি। এতে বিভিন্ন যানবাহনে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি শিমুলিয়া ঘাট এলাকায় যাত্রী, চালক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানান, সাত দিন ধরে ফেরিগুলো ঠিকমতো চলাচল করছে না। এই ঘাটে ১০ দিন ধরে দুই শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় আছে।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী বাণিজ্য ব্যবস্থাপক শাফায়েত আহমেদ বলেন, গত রোববার দিবাগত রাত তিনটায় রায়পুরা, লেনটিন ও যমুনা নামের তিনটি ফেরি লৌহজং চ্যানেলে আটকে যাওয়ার পর থেকেই অসহনীয় দুর্ভোগ শুরু হয়। এই ঘাটের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক কাওসার ই আলম বলেন, ঘাটের পরিস্থিতি তেমন ভালো নয়। নাব্যতাসংকটের কারণে ফেরিগুলো প্রায় বন্ধ বললেই চলে। একেকটি ফেরি ১০-১২টি ছোট গাড়ি নিয়ে এপার (শিমুলিয়া) থেকে ওপারে (কাঁঠালবাড়ি) যাচ্ছে।
বিআইডব্লিউটিসির নির্বাহী প্রকৌশলী মো. সুলতান আহম্মেদ বলেন, ‘আমরা তিন দিন ধরে নদী খননের কাজ করে যাচ্ছি। আমাদের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে।’
কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, জোয়ার-ভাটাসহ নানা কারণে প্রতিবছর পলি জমে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথের পদ্মা নদীর মুন্সিগঞ্জের লৌহজং পয়েন্টে। প্রতিবছর ড্রেজিং করে পলি অপসারণও করা হয়। কিন্তু সেই পলি নদীর পাশে ফেলার কারণে সেগুলো আবার নদীতেই এসে মিশে নাব্যতাসংকটের সৃষ্টি হয়। তাই এই নৌপথে চলাচলকারী ফেরিগুলো প্রতিনিয়ত ডুবোচরে আটকে যাচ্ছে। এই রুটে চলাচল করছে মাত্র চার থেকে পাঁচটি ফেরি।
মাদারীপুর প্রতিনিধি গত মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখেন, আট শতাধিক ছোট-বড় যানবাহন ঘাটে আটকা পড়ে আছে। ঘণ্টার পর ঘণ্টা ঘাটে আটকা পড়ে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও চালকেরা। পাশাপাশি ভিআইপি যাত্রীদের যানবাহনগুলো অগ্রাধিকারের ভিত্তিতে পারাপার করায় সাধারণ যাত্রী বহনকারী বাসগুলোকে দুই থেকে চার ঘণ্টা ঘাটে আটকে থাকতে হচ্ছে। এ অবস্থায় অনেকে ট্রলারে করে ঝুঁকি নিয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, এই নৌপথ দিয়ে স্বাভাবিক সময়ে ১ হাজার ২০০ যানবাহন ও ৩০ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। ঈদে এর সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু বর্তমানে এই অবস্থায় পার করা যাচ্ছে মাত্র ৩৫০টি যানবাহন।
এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরির সংখ্যা বাড়ানো হলেও গাড়ির চাপ কমেনি। গতকাল দৌলতদিয়া থেকে গাড়ির লাইন পাঁচ কিলোমিটারের বেশি গোয়ালন্দ বাজার ছেড়ে যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) এই নৌপথে ছোট-বড় ২১টি ফেরি চলার কথা বললেও বাস্তবে ১৯টি চলছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় গরমে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয় জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৯টি ফেরি দিয়ে ঈদের বাড়তি গাড়ি পারাপার করা হচ্ছিল। মাঝেমধ্যে দু-একটি ফেরি যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পড়ায় গাড়ি পারাপার ব্যাহত হয়। গতকাল সকালে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ থেকে রোরো এনায়েতপুরী ও কে টাইপ ক্যামেলিয়া এই নৌপথে নিয়ে আসা হয়। বর্তমানে এই নৌপথে ছোট-বড় ২১টি ফেরি চলছে। কিন্তু গতকাল দুপুরে রো রো ফেরি শাহ আলী ও ইউটিলিটি চন্দ্র মল্লিকার যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাটুরিয়ায় বসিয়ে রাখা হয়েছে।