দুই নৌপথে ৯ থেকে ১০ ঘণ্টা ফেরি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১০ ঘণ্টা ফেরি ও নৌযান চলাচল বন্ধ থাকে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে রাত ১২টা থেকে নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এতে যানবাহনের যাত্রী, চালক ও ঘাটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাওড়াকান্দি-মাওয়া কার্যালয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে পুরোপুরি বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। কুয়াশা কেটে গেলে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। কুয়াশায় নদীর মধ্যে নৌযান চলাচলের নির্দেশক বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখতে না পারায় চালকেরা নদীর মধ্যে ফেরি নোঙর করতে বাধ্য হন। এ সময় নদীতে কয়েক শ যানবাহন ও অসংখ্য যাত্রী নিয়ে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, কাকলি, রাণীক্ষেত, যমুনা, রামশ্রী, রেন্টিং ও রানীগঞ্জ নামের সাতটি ফেরি সারা রাত আটকে থাকে। আটকে পড়া যাত্রী মনির হোসেন জানান, তীব্র শীতের সঙ্গে শৈত্যপ্রবাহের কারণে তাঁদের অনেক কষ্ট করতে হয়েছে। বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ফেরিঘাটের ব্যবস্থাপক এম এ বাতেন জানান, ঘন কুয়াশায় ফেরি ছাড়াও লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ ছিল।বিআইডব্লিউটিসির মাওয়াঘাটের উপমহাব্যবস্থাপক মো. আশিকুজ্জামান জানান, রাত ১২টার পর কুয়াশার তীব্রতা বেড়ে যায়। পরে বাধ্য হয়ে সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করতে হয়। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বলেন, ফেরি চলাচল শুরু হলে যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আগে পারাপার করা হয়। দুপুরের পর যানবাহনের চাপ স্বাভাবিক হয়ে আসে। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মানিকগঞ্জ, মাদারীপুর ও মুন্সিগঞ্জ প্রতিনিধি]