দুই পক্ষ আবার মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

আলেম সমাজ ও তাবলিগ জামাতের একটি অংশ শনিবার মোহাম্মদপুরে বৈঠক করে। এতে মাওলানা সাদকে অনুসরণ না করার সিদ্ধান্ত এসেছে।

তাবলিগ জামাতে মাওলানা সাদকে অনুসরণ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে গত শনিবার ঢাকার মোহাম্মদপুরে আলেমদের একটি বৈঠক থেকে যে সিদ্ধান্ত এসেছে, তা মানবেন না সাদপন্থীরা। তাঁরা বলছেন, এমন সিদ্ধান্ত দেওয়ার অধিকার ওই আলেমরা রাখেন না। বিষয়টি নিয়ে সাদের পক্ষ ও বিপক্ষ অংশ চূড়ান্তভাবে বিভক্ত ও মুখোমুখি হয়ে পড়েছে।

গত শনিবার মোহাম্মদপুরের তাজমহল রোড-সংলগ্ন ঈদগাহ মাঠে তাবলিগ জামাতের চলমান পরিস্থিতি নিয়ে আলেম সমাজ ও তাবলিগ জামাতের একটি অংশ বৈঠক করে। দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিশিষ্ট আলেমদের অনেকে উপস্থিত ছিলেন।

মাওলানা সাদ কান্ধলভী ভারতীয় নাগরিক। তিনি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্ধলভীর নাতি। তাবলিগের মূল মারকাজ দিল্লির হজরত নিজামউদ্দিনে অবস্থিত বেঙ্গলওয়ালি মসজিদে।

গত শনিবারের বৈঠকে অংশ নেওয়া আলেমরা মত দেন, তিনটি মৌলিক কারণে তাবলিগ জমাতের আমির মাওলানা সাদকে অনুসরণ করা সম্পূর্ণভাবে বর্জনীয়। তা হচ্ছে, কোরআন ও হাদিসের মনগড়া ব্যাখ্যা দেওয়া, তাবলিগের গুরুত্ব বোঝাতে গিয়ে তাবলিগ ছাড়া দ্বীনের অন্যান্য মেহনতকে যথা দ্বীনি শিক্ষা ও তাসাউফ (আত্মশুদ্ধি) ইত্যাদিকে হেয়প্রতিন্ন করা এবং পূর্ববর্তী তিন আমিরের কর্মপন্থা থেকে সরে যাওয়া।

তবে তাবলিগ জামাতের উচ্চপর্যায়ের একজন মুরব্বি মোহাম্মদপুরের বৈঠকে মাওলানা সাদকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে হাস্যকর বলে মন্তব্য করেন। তিনি বলেন, যাঁরা এসব সিদ্ধান্ত দিয়েছেন, তাঁরা কি তাবলিগ করেন? যেসব আলেম এ ধরনের সিদ্ধান্ত দিয়েছেন, তাঁরা কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির সঙ্গে সম্পর্ক রেখে চলেন। দেশবাসীও বিষয়টি জানে।

গত বিশ্ব ইজতেমার সময় থেকে মাওলানা সাদের কিছু বক্তব্য নিয়ে বাংলাদেশের তাবলিগ জামাত বিভক্ত হয়ে ওঠে। এ নিয়ে রাজধানীর কাকরাইলে তাবলিগের মূল কেন্দ্র বা মারকাজের ১১ সদস্যের মজলিসে শুরায় দ্বন্দ্ব বাধে। মাওলানা সাদের পক্ষ নিয়েছেন ছয়জন। বিপক্ষে অবস্থান নিয়েছেন পাঁচজন। দুপক্ষই নিজেদের অবস্থান ধরে রাখতে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে।