ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দুই পক্ষ কিছুদিন আগে পৃথক সভা করে ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ গতকাল শনিবার নির্ধারণ করেছিল। তবে নির্ধারিত সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়নি।
দলীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগে দ্বিধাবিভক্তির জের ধরে পৃথক সভা করে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে গত ২৪ জানুয়ারি শহরের শিববাড়ি এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভায় এক পক্ষ শহর আওয়ামী লীগের সম্মেলন গতকাল অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়। ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। অপরদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার গত ৩১ জানুয়ারি শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের কার্যকরী সভা আহ্বান করেন। ওই সভায় একই দিন শহর আওয়ামী লীগের সম্মেলন হবে বলে ঘোষণা দেওয়া হয়। তারিখ নির্ধারণের পর দুই পক্ষের নেতারাই জানিয়েছিলেন, সম্মেলনের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পাওয়া সাপেক্ষে সম্মেলন হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় একটি সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের বিরোধের জের ধরে জেলা ও শহর আওয়ামী লীগের কমিটি কেন্দ্র থেকে দেওয়া হতে পারে বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে সমঝোতায় আসতে পারলে সম্মেলন হতে পারে। দুই পক্ষের সম্মেলনের তারিখ নির্ধারণ আসলে রাজনীতিতে নিজেদের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।
ধর্মমন্ত্রীর সভাপতিত্বে সভায় সম্মেলনের তারিখ নির্ধারণের পর সম্মেলন না হওয়া প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান খান বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসুস্থ থাকায় কেন্দ্রের নির্দেশে গতকালের সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
এ বিষয়ে আবদুল মতিন সরকার বলেন, কেন্দ্র থেকে নির্দেশ না পাওয়ায় তাঁরা কর্মী সম্মেলন স্থগিত করেছেন।
ময়মনসিংহ জেলার দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন মুঠোফোনে বলেন, ‘যত দূর জানি, অধ্যক্ষ মতিউর রহমান ময়মনসিংহ জেলা ও শহর আওয়ামী লীগের সম্মেলন নিয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করায় সুষ্ঠু সমাধানের পথ নিশ্চয়ই বের হয়ে আসবে বলে আমি আশাবাদী।’
দলীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে। এক পক্ষের নেতৃত্বে আছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও অপর পক্ষের নেতৃত্বে আছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক ও সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার।