দুই পক্ষ মুখোমুখি, কার্যকরী কমিটির সভা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের কার্যকরী কমিটির সভা বাতিল করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মা ও শিশু হাসপাতালের সভাকক্ষে এই সভা হওয়ার কথা ছিল। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে সভা বাতিল করা হয়েছে বলে জানা গেছে।জানা গেছে, বেলা ১১টার দিকে কমিটির সভায় যোগ দেওয়ার জন্য বেশির ভাগ সদস্য সভাকক্ষে উপস্থিত হন। এ সময় আগে মুলতবি সভার আহ্বান জানিয়ে এবং বিভিন্ন অনিয়মের জবাবদিহির দাবি জানিয়ে শতাধিক আজীবন সদস্য একটি আবেদনপত্র দেন। এতে অভিযোগ করা হয়, গত ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজে যে মুলতবি সভা আহ্বান করা হয়েছিল, সেটি হয়নি। তার পরও বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সভা হয়েছে মর্মে খবর প্রকাশ করা হয়েছে। এ মিথ্যাচার প্রত্যাহার করতে হবে।হাসপাতাল সূত্রে জানা গেছে, মুলতবি সভা নিয়ে কার্যকরী কমিটির কিছু সদস্যের সঙ্গে আজীবন সদস্যদের বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কোষাধ্যক্ষ আবদুল মান্নান বলেন, ‘আমি কোষাধ্যক্ষ। কিন্তু আমাকে পাশ কাটিয়ে কার্যকরী কমিটি অর্থসংক্রান্ত অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এসব বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত এবং মুলতবি সভা করার যে দাবি পত্রিকায় করা হয়েছে, তা প্রত্যাহার না করা পর্যন্ত কার্যকরী কমিটির সভা কীভাবে হবে?’জানা গেছে, এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে ডবলমুরিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সভা না করেই দুই পক্ষ সভাকক্ষ ত্যাগ করে।ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সভা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এরপর বেলা সাড়ে ১২টার দিকে দুই পক্ষই সভাস্থল ত্যাগ করে।