জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার চতুর্থ দিনেও নিজ নিজ অবস্থানে অনড় ছিলেন উপাচার্য ও সাধারণ শিক্ষক ফোরামের সদস্যরা। বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্যের সঙ্গে সাক্ষাতের সময় সেখানে ছাত্রলীগের বহিষ্কৃত কয়েকজন নেতা-কর্মীও ছিলেন। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমানের মুঠোফোনে ফোন করলে তিনি ধরেননি। উপাচার্য বলেন, ‘কারা ছাত্রলীগ করে বা কে বহিষ্কৃত, তা আমি জানি না।’
এদিকে, উপাচার্য ও শিক্ষক ফোরামের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি গতকাল চতুর্থ দিনের মতো অব্যাহত ছিল। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাঁর বাসভবনের সামনে ফোরামের শিক্ষকেরা তাঁদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাত থেকে নিজের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন উপাচার্য। গতকালও তিনি বাসভবনে প্রবেশ করেননি।