>

মহাসড়কে ধীর গতির যান নিষিদ্ধ সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে না। আগে জীবন, পরে জীবিকা ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
অটোরিকশাসহ ধীরগতির তিন চাকার যান জাতীয় মহাসড়কে চলতে না দেওয়ার সিদ্ধান্তের ফলে সৃষ্ট নৈরাজ্য অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারও বিভিন্ন জেলায় তিন চাকার যানের চালক-মালিকেরা সড়ক অবরোধ করেন।
তিন চাকার যান চলাচলে পুলিশের বাধা এবং চালক-মালিকদের পাল্টা কর্মসূচির কারণে চার দিন ধরে মহাসড়কগুলোতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ১ আগস্ট থেকে জাতীয় মহাসড়কে ধীরগতির তিন চাকার যান বন্ধ করে দেয় সরকার। সিদ্ধান্ত কার্যকর করতে বিভিন্ন স্থানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। পুলিশও মহাসড়কে আটক করছে এসব যান।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের ধারণা, সারা দেশে তিন চাকার ধীরগতির অটোরিকশা, টেম্পো, নছিমন, করিমন, ভটভটি ও ইজিবাইক আছে ১৩ লাখের বেশি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল জানিয়েছেন, মহাসড়ক থেকে ধীরগতির যান উচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে না। মন্ত্রীর দাবি, এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হওয়ার পর দুর্ঘটনা ঘটেনি। সরকারের সিদ্ধান্তে জনগণ লাভবান হচ্ছে। অটোরিকশাচালকদেরও জীবন বেঁচে যাচ্ছে। তিনি বলেন, অনেকে বলছেন এসব বন্ধ হওয়ায় জীবিকা বন্ধ হয়েছে। কিন্তু আগে জীবন, পরে জীবিকা। কুমিল্লা থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজারে রেলওয়ের উড়ালসেতুর নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক বিবৃতিতে ধীরগতির তিন চাকার যানের বিরুদ্ধে চালানো অভিযানের কারণে যে ভোগান্তির সৃষ্টি হচ্ছে, তা লাঘবে বিকল্প গণপরিবহন নামানোর দাবি জানিয়েছে। সংগঠনটি মনে করে, সারা দেশের মহাসড়কে একসঙ্গে অভিযান না চালিয়ে জেলাভিত্তিক উচ্ছেদ অভিযান চালালে দুর্ভোগ কম হবে। যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থাও নেওয়া সহজ হবে।

চট্টগ্রাম অফিসজানায়, গতকাল সকালে আনোয়ারার চাতরী চৌমুহনী এলাকায় শ্রমিকেরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় যাত্রীরা দুর্ভোগে পড়েন। বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা সরে গেলে সড়ক স্বাভাবিক হতে শুরু করে। কেইপিজেডের জুতা কারখানার কর্মী নাজমা আক্তার বলেন, ‘আমি সাত কিলোমিটার হেঁটে কাজে যাচ্ছি।’ অটোরিকশাচালক মো. রাশেদ বলেন, ‘আমাদের গ্যাস আনতে হলেও তো মহাসড়কে যেতে হয়। এর ব্যবস্থা করতে বলেন সরকারকে।’ পটিয়া, আনোয়ারা, সীতাকুণ্ডে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন মালিক-শ্রমিকেরা।
ফরিদপুর: ভাঙ্গা উপজেলাধীন মালিগ্রাম বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার চেষ্টা করা হলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। ভাঙ্গা পৌরসভার বিশ্বরোড মোড় ও হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদেও বিক্ষোভ করেন মালিক ও শ্রমিকেরা।
নিষেধাজ্ঞা স্থগিতসহ বেশ কয়েকটি দাবিতে মধুখালী উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। দুপুর ১২টার দিকে মধুখালী রেলস্টেশনে মতবিনিময় করেন মালিক-শ্রমিকেরা।
মৌলভীবাজার: জেলার মালিক-শ্রমিকেরা সকাল আটটা থেকে বিভিন্ন সড়কের পাশে সারিবদ্ধভাবে অটোরিকশা রেখে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে মৌলভীবাজার-শমশেরনগর ও মৌলভীবাজার-কুলাউড়াসহ বিভিন্ন রুটের মালিক-শ্রমিকেরা অংশ নেওয়ার ফলে স্থানীয় মানুষ দুর্ভোগে পড়েন। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ: শহরের বিভিন্ন স্থান থেকে চালকেরা অটোরিকশা নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের আমবাগানে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে মানববন্ধন এবং পরে প্রতিবাদ সমাবেশ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
লালমনিরহাট: রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠের সামনে ইজিবাইক সংগ্রাম পরিষদ বিক্ষোভ সমাবেশ করে, যা অনেকটা কর্মবিরতি কর্মসূচিতে রূপ নেয়। এতে জেলার বিভিন্ন স্থানে ইজিবাইক সংকট দেখা দিলে যাত্রীদের দুর্ভোগ বেড়ে যায়।
নারায়ণগঞ্জে দুই মামলা: মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে নারায়ণগঞ্জে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ দুটি মামলা করেছে।
সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় পুলিশ বাদী হয়ে মামলা দুটি করে। ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করা হয়। এর মধ্যে আগেই গ্রেপ্তার হয়েছেন আটজন।
গত সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, সানারপাড়, শিমরাইল এলাকায় রাস্তায় বড় বড় পাথর ফেলে অটোরিকশা চালক ও মালিকেরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় যানবাহন ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পুলিশের দুই সদস্যসহ ১০ জন আহত হন।