শর্তের জালে আটকে আছে প্রাথমিক স্তরের বিনা মূল্যের পাঠ্যবই ছাপানোর কাজ। দাতা সংস্থাগুলোর পক্ষে বিশ্বব্যাংক বইয়ের মানের প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি নয়। আবার মুদ্রণকারীরাও বিশ্বব্যাংকের শর্ত মেনে বই না ছাপার সিদ্ধান্তে অনড়। এ রকম পরিস্থিতিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডও (এনসিটিবি) কিছু করতে পারছে না।
এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র পাল এ বিষয়ে গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত নতুন করে বলার মতো কিছু হয়নি। ২ সেপ্টেম্বর পর্যন্ত কাজ পাওয়ার কথা জানিয়ে দেওয়া চিঠি (নোটিশ অব অ্যাওয়ার্ড) গ্রহণের সময় আছে। এই সময়ের মধ্যে মুদ্রণকারীরা তা গ্রহণ না করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে মুদ্রণকারীদের একজন তোফায়েল আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, বিশ্বব্যাংকের শর্ত মেনে কাজ না করার সিদ্ধান্তের বিষয়ে তাঁরা এখনো অনড়। তিনি বলেন, এখনো তাঁরা চিঠি পাননি। পেয়ে গ্রহণ করলেও সাত দিনের মধ্যে হ্যাঁ বা না বলার সুযোগ আছে। মুদ্রণকারীরা হাতে হাতে চিঠি গ্রহণ না করায় এনসিটিবি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তা পাঠিয়েছে।
২০১১ সাল থেকে প্রাথমিক স্তরের বিনা মূল্যের পাঠ্যবইয়ের একটি বড় অংশ ভারত থেকে ছাপিয়ে আনা হয়। কিন্তু এবার দেশীয় মুদ্রণকারীরা জোটবদ্ধ হয়ে প্রাক্কলিত দরের প্রায় ৩২ শতাংশ কমে কাজ পান। এই অবস্থায় বিশ্বব্যাংক বইয়ের গুণগত মান নিয়ে শক্ত অবস্থান নেয়। এ জন্য তাঁরা কয়েকটি শর্ত জুড়ে দেয়। বিশ্বব্যাংকের অন্যতম শর্ত হয়, ছাপা বই উপজেলায় পৌঁছানোর পর স্বতন্ত্র প্রতিষ্ঠানের মাধ্যমে এর মান যাচাই করা হবে। তারপর বিল পরিশোধ করতে হবে। বিশ্বব্যাংক পারফরম্যান্স গ্যারান্টি (পিজি) ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করারও শর্ত দেয়।
কিন্তু সর্বনিম্ন দরদাতা হওয়া মুদ্রণকারীরা এই শর্তে নাখোশ। তাঁরা এ শর্তে কাজ করবেন না বলে জানিয়েছেন।