দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার দিবাগত রাতে পাবনা শহরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয়টি ফাঁকা গুলি ছুড়তে হয়েছে বলে পুলিশ দাবি করেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত নয়টার দিকে একটি মাইক্রোবাসে করে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইসহাক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম হাসান ও যুবলীগের যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন শহরে আসছিলেন। পথে শহরের সোনাপট্টি সড়কে যানজট বাধলে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেনের ছোট ভাই ইকবাল হোসেনের সঙ্গে এনায়েত হোসেনের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের থামিয়ে দিলে উভয়েই ঘটনাস্থল ত্যাগ করেন। রাত সাড়ে নয়টার দিকে আচমকা একদল যুবক এনায়েত হোসেনকে খুঁজতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম হাসানের দিলালপুর মহল্লার বাড়িতে আসে। তারা সেখানে কাউকে না পেয়ে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে তসলিম হাসানের সমর্থকেরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ এসে ছয়টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এনায়েত উদ্দিন গুলিবর্ষণের সত্যতা স্বীকার করে বলেন, ‘এলাকাটি জনবহুল। তসলিম হাসানের বাড়িটি একটি বিপণিবিতানের ওপরে। তাই জনগণের জানমালের কথা বিবেচনা করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিবর্ষণ করা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম হাসান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। বিষয়টি ঊর্ধ্বতন নেতাদের জানানো হয়েছে। মীমাংসার চেষ্টা চলছে।’