দুই পক্ষে বিরোধ তুঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সাল থেকে বিরোধের শুরু। নরসিংদী-১ (সদর) আসনের সাংসদ থাকা অবস্থায় সে বছর জেলা বিএনপির তৎকালীন সভাপতি সামসুদ্দিন আহাম্মেদের মৃত্যু হয়। আসনটি শূন্য হলে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার বিরোধিতার মধ্যেও চার দলের প্রার্থী ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) খায়রুল কবির খোকন উপনির্বাচনে জয়ী হন। নির্দিষ্ট সময়ের মধ্যে উপনির্বাচন শেষ হলেও নরসিংদী জেলা বিএনপির বিরোধ ক্রমে বেড়েই চলেছে। এই বিরোধে খায়রুল কবির একটি পক্ষ। অপর পক্ষে আছেন জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মেজবাহ উদ্দিন। দুজনই নিজেকে জেলা বিএনপির সভাপতি দাবি করছেন। মেজবাহ উদ্দিনের সঙ্গে সক্রিয়ভাবে আছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দাবি করা মিয়া মোহাম্মদ সেলিম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর এলাহী। সম্প্রতি তাঁদের সমর্থন জুগিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদীর সন্তান আবদুল মঈন খান এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ রোকেয়া আহাম্মেদ ।বর্তমানে কেন্দ্রঘোষিত মাসব্যাপী (অক্টোবর) কর্মসূচি বাস্তবায়ন কমিটির নাম ঘোষণার পর বিরোধের আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়েছে। এই নিয়ে চরম মতানৈক্যের কারণে জেলায় কেন্দ্রের নির্দেশ বাস্তবায়ন নিয়ে সংশয় বেড়েছে।দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশ পরিচালনায় সরকারের দুর্নীতি আর নানা অনিয়মের প্রতিবাদ জানাতে মাসব্যাপী (অক্টোবর) জেলায় সভা-সমাবেশের কর্মসূচির কথা কেন্দ্র থেকে বলা হয়। পাশাপাশি একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। এতে আবদুল মঈন খানকে সমন্বয়কারী করে গত সপ্তাহে নয় সদস্যবিশিষ্ট নরসিংদী কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এরপর থেকেই ওই দুই পক্ষের মধ্যে নতুন করে বিরোধ বাড়ে। খায়রুল কবির দাবি করছেন, মঈন খানকে বাদ দিয়ে তাঁকে সমন্বয়কারী নির্বাচন করা হয়েছে। আবার মেজবাহ উদ্দিনের পক্ষ খায়রুল কবিরের দাবি উড়িয়ে দিচ্ছে। এ অবস্থায় চলতি মাসের আট দিন পার হয়ে গেলেও কোনো পক্ষই আন্দোলনের রূপরেখা তৈরি করতে পারেনি। এ কারণে কর্মসূচি বাস্তবায়ন নিয়ে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে সংশয় বাড়ছে।দলীয় নেতা-কর্মীরা জানান, দুটি পক্ষ হওয়ার কারণে নরসিংদীতে দলের একটি কর্মসূচিও স্বস্তিতে বাস্তবায়ন করা যায়নি। কিছুদিন আগে দুটি পক্ষই পাল্টাপাল্টি উপজেলা, পৌর ও জেলা কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিয়েছে। মেজবাহ উদ্দিন পক্ষের সদর উপজেলা বিএনপির সভাপতি দাবি করা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী বলেন, নরসিংদীর বিএনপি দীর্ঘদিন ধরে বিভক্ত। এই বিভক্তির মূল কারণ খায়রুল কবিরের একক নেতৃত্ব দেওয়ার প্রবণতা। ভিন্নমত পোষণ করে খায়রুল কবির বলেন, ‘অনেক সদস্যের আপত্তির কারণে মঈন খানের নাম বাদ দিয়ে নরসিংদী জেলা বিএনপির সভাপতি হিসেবে আমাকে সমন্বয়কারী করে কেন্দ্র কমিটি পুনর্গঠন করেছে।’ কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষাবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া জানান, কর্মসূচি পালনের জন্য চেয়ারপারসনের কার্যালয় থেকে গত সপ্তাহের শনিবার দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে সমন্বয়কারী করে নয় সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন—খায়রুল কবির, তোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন, শিরীন সুলতানা, খালেদা পারভীন, ফেরদৌস আহমেদ ও জামাল চৌধুরী।এ ব্যাপারে জয়নাল আবেদীন বলেন, ‘সমন্বয়কারী হিসেবে খায়রুল কবির দলের চেয়ারপারসনের কাছে আপত্তি জানিয়েছেন বলে শুনেছি। কিন্তু কমিটির পরিবর্তন সম্পর্কে এখনো আমরা নিশ্চিত নই। কারণ এ-সংক্রান্ত কোন চিঠি আমরা পাইনি।’