মধ্যবর্তী নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের তিনটি সাংগঠনিক জেলা কমিটির আয়োজনে গতকাল সোমবার সমাবেশ হয়েছে। মঞ্চে আবদুল্লাহ আল নোমানের অনুসারী দুই নেতাকে দেখা গেছে।লালদীঘির ময়দানে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সমাবেশে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটি ছাড়াও কেন্দ্রীয় কমিটির নেতারা বক্তব্য দেন। এ সময় মঞ্চে ওঠা নিয়ে দুই পক্ষের নেতা কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়।আবদুল্লাহ আল নোমানের অনুসারীরা গতকাল দুপুরের পর প্রথমে শহীদ মিনার চত্বরে জড়ো হন। বিকেল পাঁচটার দিকে তাঁরা মিছিল নিয়ে লালদীঘি ময়দানের সমাবেশে যোগ দেন। পরে নোমানের অনুসারী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিমউদ্দিন ও সদস্য মাহবুবুর রহমান সমাবেশের মঞ্চে ওঠেন। তবে তাঁদের অনুসারীরা মাঠের বাইরে রাস্তায় অবস্থান নেন।সমাবেশে জেলা পর্যায়ের নেতার আগে বক্তৃতার জন্য কেন্দ্রীয় কয়েকজন নেতার নাম ঘোষণা করায় কর্মী-সমর্থকদের মধ্যে কিছুটা কানাঘুষা হয়। দলের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারকে জেলা পর্যায়ের দুই নেতার আগে বক্তৃতা করতে নাম ঘোষণা করা হয়।বিএনপির কেন্দ্রীয় কমিটির সহশ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিমউদ্দিন প্রথম আলোকে জানান, কেন্দ্রীয় নেতারা শেষের দিকে বক্তব্য দেন। গোলাম আকবর খোন্দকারকে জেলা পর্যায়ের নেতাদের আগে বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করে সেই রেওয়াজ ভাঙা হয়েছে।সমাবেশ: কেন্দ্রীয় নেতা খন্দকার মোশাররফ হোসেন সমাবেশে বলেন, ‘এ সরকার বিদ্যুৎ, পানি ও গ্যাস দিতে পারছে না। জনগণ সরকারের নির্যাতন-নিপীড়নে অতিষ্ঠ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের কষ্ট বেড়েছে।’ সমাবেশে অন্যান্যের মধ্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, জাফরুল ইসলাম চৌধুরী, গিয়াস কাদের চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।মহিউদ্দিন চৌধুরী বিশেষ অতিথি!: নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম গতকাল বক্তৃতার শুরুতে নেতাদের সম্বোধন করার সময় বিশেষ অতিথি হিসেবে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নাম উচ্চারণ করেন।