দুই পক্ষের অবস্থান কর্মসূচি চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকট কাটছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আন্দোলনরত সাধারণ শিক্ষক ফোরাম ও উপাচার্য নিজ নিজ অবস্থানে অনড়। গতকাল বৃহস্পতিবার নিজেদের দাবির পক্ষে দুই পক্ষ তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।
উপাচার্য আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে শিক্ষক ফোরাম সর্বাত্মক কর্মবিরতির পাশাপাশি গত মঙ্গলবার সন্ধ্যা থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। ওই দিন রাত ১০টা থেকে উপাচার্য আনোয়ার হোসেনও স্ত্রীকে নিয়ে মাদুর পেতে অবস্থান কর্মসূচি শুরু করেন। গতকাল পর্যন্ত তিনি নিজের বাসভবনে ঢোকেননি।
উপাচার্য গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা বাসভবনের সামনে থেকে না সরা পর্যন্ত তিনি ঘরে ঢুকবেন না। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের অপব্যবহার করছেন শিক্ষকেরা। স্বায়ত্তশাসনের ভেতরে শিক্ষকদের জবাবদিহির ব্যবস্থা করা হোক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলমান সংকটকে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে সংসদে আলোচনা হোক।
শিক্ষক ফোরামের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যা থেকে পর্যায়ক্রমে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় তাঁরা টেলিভিশনে অনুষ্ঠান দেখে সময় পার করছেন। গতকাল বিকেল পাঁচটার দিকে ব্রিফিংয়ে ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান সাংবাদিকদের জানান, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তবে কোনো বাধা না থাকা সত্ত্বেও তিন দিন ধরে উপাচার্য এবং দুই সহ-উপাচার্য অফিস করছেন না।
অফিস করছেন কি না, এমন প্রশ্নের জবাবে সহ-উপাচার্য আফসার আহমদ বলেন, চার দিন ধরে আন্দোলনকারী শিক্ষকেরা প্রশাসনিক ভবনে রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রারকে অবরোধ করে রেখেছেন। এ কারণে অফিসে যাওয়া যাচ্ছে না।
এদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতা গতকাল বিকেলে উপাচার্য ও আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। এ বিষয়ে ফোরামের আহ্বায়ক মুহম্মদ হানিফ আলী বলেন, তাঁরা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে এসেছিলেন। সংকট নিরসনে তাঁরা কোনো প্রস্তাব দেননি।