দুই পক্ষের আইনজীবীদের ভিন্ন প্রসঙ্গে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিন্ন প্রসঙ্গে পৃথক সংবাদ সম্মেলন করেছেন সরকার-সমর্থক ও বিরোধী দল-সমর্থক আইনজীবীরা। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে সমিতির একাংশ ও সরকার-সমর্থক আইনজীবীরা অবকাশের পর ৯ অক্টোবর প্রধান বিচারপতি ও বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতের বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন। অন্যদিকে, লন্ডনে এক বিচারপতির টক শোতে অংশ নেওয়া প্রসঙ্গে সমিতির দক্ষিণ হলে সংবাদ সম্মেলন করে বিরোধী দল-সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সংবাদ সম্মেলনে বলা হয়, একজন বিচারপতির টক শোতে অংশ নেওয়ার ইতিহাস ও নজির নেই। এটা আচরণবিধির লঙ্ঘন বলে তাঁরা মনে করেন। এ জন্য অবিলম্বে প্রধান বিচারপতির হস্তক্ষেপও কামনা করেন তাঁরা। আইনজীবী সমিতির ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলা হয়, অবকাশের পর আদালত খোলার দিন ৯ অক্টোবর প্রধান বিচারপতি ও বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করা হবে। এ ছাড়া সমিতির সভাপতি ও সম্পাদককে কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানানো হয়। এতে লিখিত বক্তব্য পড়েন সমিতির সহসভাপতি জগলুল হায়দার আফ্রিক। সঙ্গে ছিলেন সহসম্পাদক এস এম মাসুদ হোসেন দোলন ও কার্যকারী সদস্য জেছমিন আক্তার কেয়া। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, সমিতির সাবেক সভাপতি এ এফ এম মেসবাহউদ্দিন, সাবেক সম্পাদক এ এম আমিন উদ্দিন, শ ম রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।গত ২৬ সেপ্টেম্বর সমিতির এক সাধারণ সভায় অবকাশকালীন ছুটির পর আদালত খোলার দিন (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের সঙ্গে বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।১৪ সদস্যের কার্যকরী কমিটির তিন সদস্য সমিতির ব্যানারে সভা করতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে জগলুল হায়দার আফ্রিক বলেন, সদস্য ও সাধারণ আইনজীবীদের পাশ কাটিয়ে অবকাশের মধ্যে ওই সভা করা হয়। এরপর সমিতির দক্ষিণ হলে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া ও মাহবুব উদ্দিন খোকন। অন্যদের মধ্যে এম বদরুদ্দোজা, আফজাল এইচ খান, ফাহিমা নাসরিন মুন্নী, রুহুল কুদ্দুস কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।