দুই পক্ষের উত্তেজনা, দলীয় কার্যালয়ে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় নরসিংদীর রায়পুরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও সংলগ্ন চত্বর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই আদেশ জারি করে উপজেলা প্রশাসন।
দলীয় সূত্র জানায়, স্থানীয় সাংসদ রাজি উদ্দিন আহমেদ ও আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবির পক্ষের মধ্যে সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে প্রশাসন এই ব্যবস্থা নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. মতিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সকালে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এমন লিখিত শঙ্কার কথা জানানো হয়েছে। এরপর ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিতে হয়।
দলটির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতার পর থেকে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করে আসছেন সাংসদ রাজি উদ্দিন আহমেদ। তিনি এই আসনের পাঁচবারের নির্বাচিত সাংসদ। দলটির আগের শাসনামলে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। একসময় ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য। প্রবীণ এই নেতা বর্তমানে দলটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও রায়পুরা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। ১৯৭০ সালের নির্বাচন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই আসন থেকে রাজি উদ্দিন নৌকা প্রতীক নিয়ে সংসদ নির্বাচন করে আসছেন।
এবার নবগঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন রায়পুরার সন্তান রিয়াজুল কবির। তাঁকে কার্যনির্বাহী কমিটির সদস্য করা হয়। এর আগে তিনি রায়পুরা উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরে তিনি ছাত্রলীগ ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হন। আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সম্পাদকও ছিলেন। বর্তমানে আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। রিয়াজুল কেন্দ্রীয় রাজনীতিতে সরব থাকলেও ১৫ বছর ধরে স্থানীয় রাজনীতিতে অনেকটাই নীরব। এলাকায় এলেও তাঁকে দলীয় কোনো কর্মসূচিতে দেখা যেত না। ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি রাজি উদ্দিন আহমেদের আস্থাভাজন ছিলেন। ২০০১ সালের পর থেকে দুজনের সম্পর্কের অবনতি হয়।
কেন্দ্রীয় কমিটিতে পদ লাভের পর রিয়াজুল নিজ এলাকায় গিয়ে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের ইচ্ছা প্রকাশ করেন। সর্বশেষ তিনি গতকাল সকালে নিজ এলাকায় যান। বিকেলে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও মিলাদ মাহফিল করার কথা ছিল। তবে এ জন্য তিনি তেমন কোনো প্রচারণা চালাননি। রিয়াজুলের রায়পুরা প্রবেশ রাজি উদ্দিন অনুসারীদের একটি অংশ ভালোভাবে নেয়নি। একপর্যায়ে রিয়াজুলকে দলীয় কার্যালয়ে ঢুকতে বাধা দিতে প্রস্তুতি নেয় পক্ষটি। এ অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় কার্যালয়টি তালাবদ্ধ করে রাখেন।
রিয়াজুল কবির পক্ষের ভাষ্য, রিয়াজুল রায়পুরায় আসছেন, কয়েক দিন আগে এমন তথ্য দলটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতাদের জানানো হয়। এ ব্যাপারে নেতাদের সম্মতিও ছিল। সকাল নয়টার দিকে রিয়াজুল প্রথমে উপজেলাটির তুলাতুলি, পিরিজপুর, মৌলভীবাজার, রাধানগর গ্রামের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রিয়াজুল কবির বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও ফোন দিয়ে আমাকে এলাকায় যেতে নিষেধ করেন। তাঁর কাছ ১৪৪ ধারা জারির কথা জানতে পারি। বিষয়টি জানার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোন দিলেও তাঁরা আমার ফোনটি ধরেননি।’ এ ঘটনার জন্য তিনি সাংসদ রাজি উদ্দিন পক্ষকে ইঙ্গিত করে বলেন, ‘দলীয় কার্যালয়ে ১৪৪ ধারা জারি করিয়ে আমার যাওয়াকে বাধাগ্রস্ত করা কোনো কোনো নেতার হীন মানসিকতার পরিচয় ছাড়া আর কিছুই নয়।’
রিয়াজুল আসবেন এমন তথ্য জানা ছিল জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. সাদেক বলেন, তিনি কেবল সভাপতি ও সাধারণ সম্পাদককে আসার কথা জানিয়েছেন। অন্য নেতা-কর্মীদের অবহিত করেননি। ফলে দলটির কিছু নেতা-কর্মী ক্ষুব্ধ হন। শেষে বিশৃঙ্খলা এড়াতে বাধ্য হয়ে দলীয় কার্যালয়ে তালা দিয়ে চলে যেতে হয়েছে।
ঘটনাটিকে নিন্দনীয় ও দুঃখজনক আখ্যা দিয়েছেন দলটির সভাপতি আফজল হোসেন। তিনি বলেন, ‘আমি এলাকায় নেই। বিশেষ কারণে ঢাকায় যেতে হয়েছে। স্বাধীনতার পর থেকে রায়পুরার আওয়ামী লীগের রাজনীতিতে ১৪৪ ধারা জারির ইতিহাস নেই। ১৪৪ ধারা জারির মতো তেমন কিছুই ঘটেনি। এই সিদ্ধান্ত নেওয়ার আগে উপজেলা প্রশাসন আমার সঙ্গে কোনো আলাপও করেনি।’ এটি রায়পুরার রাজনীতির জন্য ভালো কিছু হয়নি বলে মন্তব্য করেন দলটির প্রবীণ এই নেতা।