দুই যুগের বেশি সময় আগে দুর্নীতির মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের করা আপিল এবং সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের করা দুই আপিল একসঙ্গে শুনানি ও নিষ্পত্তির জন্য নতুন বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই তিন আপিলের ওপর একসঙ্গে শুনানি হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি খুরশীদ আলম খান। তিনি গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতির দপ্তর থেকে মামলার নথিপত্র পাঠানো হয়েছে। গতকাল দুপুরে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ কর্মকর্তা নথিপত্র গ্রহণ করেছেন। এখন বিষয়টি তালিকায় আসবে।
আদালত সূত্রে জানা যায়, এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে পাওয়া বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলা করেন। মামলায় ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়। এই মামলায় ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায়ে এরশাদের তিন বছরের সাজা হয়। ওই বছরই তিনি হাইকোর্টে আপিল করেন। ২০১২ সালে দুদক এতে পক্ষভুক্ত হয়।