লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। ১১ মাস ধরে কমিটি না থাকায় দুটি পক্ষ তীব্র বিরোধে জড়িয়ে পড়েছে। উভয় পক্ষ পাল্টাপাল্টি মিছিল, সমাবেশ, মহড়াসহ নানা কর্মসূচি পালন করছে। যেকোনো সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই দুটি পক্ষের এক পক্ষে রয়েছেন গোকুণ্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহুরুল হক। অন্য পক্ষের নেতৃত্বে আছেন হারাটি ইউপির চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ হোসেন। উভয় পক্ষই নিজেদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট দাবি করে আসছে। এ নিয়ে তারা জেলা শহরে লাগাতার সভা-সমাবেশ, মাইকিং, সংবাদ সম্মেলনসহ নানা মহড়া দিচ্ছে। ফলে উপজেলার নয়টি ইউনিয়নের নেতা-কর্মী ও সমর্থকেরাও বিভক্ত হয়ে পড়েছেন।
গোলাম মোস্তফা ও জহুরুল হকের পেছনে রয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু সালেহ মো. আবু সাঈদ দুলাল। অন্যদিকে সিরাজুল হক খন্দকার ও এরশাদ হোসেনের পেছনে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। এরশাদ হোসেন তাঁর ভাতিজা। আবু সালেহ মো. আবু সাঈদ দুলাল ও মতিয়ার রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
এ ব্যাপারে মতিয়ার রহমান বলেন, গত ৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদর উপজেলা কমিটি গঠনের দায়িত্ব জেলা আওয়ামী লীগ কমিটির ওপর ন্যস্ত করেছেন। গোলাম মোস্তফা ও জহুরুল হক এ নির্দেশনা না মেনে নিজেদের সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে ২৮ সেপ্টেম্বর জেলা কমিটির কাছে চিঠি পাঠিয়েছেন। ৩০ সেপ্টেম্বর এর জবাবে জেলা কমিটি ঢাকার সিদ্ধান্তের কথা জানায়। তার পরও গোলাম মোস্তফা ও জহুরুল হক অনভিপ্রেত কর্মকাণ্ড পরিচালনা করছেন। এতে সংগঠনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ কাজ থেকে তাঁদের বিরত থাকতে বললেও তাঁরা তা মানছেন না। তবে সিরাজুল হক খন্দকার ও এরশাদ হোসেন লিখিতভাবে নিজেদের সভাপতি ও সম্পাদক দাবি না করায় তাঁদের লিখিতভাবে কোনো কিছু জানানো হয়নি।
এ ব্যাপারে আবু সালেহ মো. আবু সাঈদ দুলাল বলেন, চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে বিবদমান দুই পক্ষের সমঝোতা অনুযায়ী গোলাম মোস্তফা সভাপতি ও জহুরুল হককে সাধারণ সম্পাদক করা হয়। এরপর তাঁদের সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়। কিন্তু তাঁরা তা করেননি।
দলীয় সূত্রে জানা যায়, ২০১২ সালের ৮ ডিসেম্বর দ্বিবার্ষিক কাউন্সিলে সদর উপজেলা আওয়ামী লীগের আগের কমিটি বিলুপ্ত হয়। কিন্তু ওই সময় দুটি পক্ষে বিভক্ত কাউন্সিলররা ঐকমত্যে পৌঁছাতে না পারায় কমিটি গঠন করা যায়নি। সেই থেকে এখন পর্যন্ত কমিটি গঠনের জন্য নেতারা আনুষ্ঠানিকভাবে দু-তিনবার উদ্যোগ নিলেও কোনো সমঝোতা হয়নি এবং কমিটি গঠনও সম্ভব হয়নি।