দুই পক্ষের দ্বন্দ্বে আটকে আছে ভিজিএফের চাল বিতরণ
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার মেয়র ও স্থানীয় সাংসদের অনুসারীদের মধ্যে বিরোধের কারণে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ দেওয়া বিশেষ ভিজিএফের চাল বিতরণ আটকে গেছে। ফলে দুস্থ মানুষের জন্য বরাদ্দ করা ৩০ টন চাল গতকাল শুক্রবার পর্যন্ত বিতরণ করা সম্ভব হয়নি।এদিকে বিশেষ ভিজিএফের চাল বিতরণ বন্ধ থাকায় গতকাল দুপুরে বিক্ষুব্ধ জনতা পৌর শহরে মিছিল বের করলে সাংসদের অনুসারীরা তাতে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ নভেম্বর গলাচিপা পৌরসভার মেয়রকে পাঠানো পটুয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, বিশেষ ভিজিএফের সুবিধাভোগীদের তালিকা তৈরির ক্ষেত্রে স্থানীয় সাংসদের পরামর্শক্রমে করা হয়েছে কি না, তা স্পষ্ট না হওয়ায় তালিকা অনুমোদন করা সম্ভব হচ্ছে না।পৌরসভার একাধিক কাউন্সিলরের অভিযোগ, মেয়র আ. ওহাব খলিফা নিজের খেয়ালখুশিমতো সুবিধাভোগীদের তালিকা করায় এ জটিলতা দেখা দিয়েছে।জানতে চাইলে পৌরসভার মেয়র আ. ওহাব খলিফা প্রথম আলোকে বলেন, তালিকা তৈরির ক্ষেত্রে সবকিছু নিয়মমাফিকই করা হয়েছে। শুধু রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের জন্য দুস্থদের চাল নিয়ে ন্যক্কারজনক খেলা খেলতে সাংসদের অনুসারীরা মাঠে নেমেছে। তবে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাংসদ-সমর্থিত অংশের সভাপতি মো. রেজাউল করিম হাওলাদার বলেন, বিশেষ ভিজিএফ বিতরণ নিয়ে মেয়র বিধি লঙ্ঘন করেছেন।