দুই পক্ষের দ্বন্দ্বে নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর মজিবর রহমান (এম আর) ডিগ্রি কলেজে গতকাল শুক্রবার শিক্ষক-কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিধিবহির্ভূতভাবে নিয়োগ বন্ধের অভিযোগ তুলে একটি পক্ষ অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিলে কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে।কলেজ সূত্রে জানা গেছে, অধ্যক্ষ, হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক, গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিকের পদে লোক নিয়োগের জন্য গত বছরের ৪ নভেম্বর একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে চারটি পদে মোট ৩৩ জনের আবেদন বৈধ ঘোষণা করা হয়।চলতি বছর নিয়োগ পরীক্ষার জন্য আবেদনকারীদের পত্র দিয়ে জানানো হয়েছিল। পরে সেই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। দ্বিতীয় দফায় কলেজের শিক্ষক-কর্মচারী নিয়োগ পরীক্ষা গতকাল শুক্রবার সকাল ১০টায় জয়পুরহাট বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।বিধিবহির্ভূতভাবে নিয়োগের অভিযোগ তুলে উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজা সুলতানাসহ তাঁর পক্ষের লোকজন বৃহস্পতিবার কলেজে এসে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জয়পুরহাট-২ আসনের বিএনপিদলীয় সাংসদ গোলাম মোস্তফা ওই তালা ভেঙে নিয়োগসংক্রান্ত কাগজপত্র নিতে আসছেন, বিকেলে এমন কথা ছড়িয়ে পড়ে। এ সময় সাংসদকে বাধা দিতে অপর পক্ষ কলেজের আশপাশে জড়ো হয়। এতে সংঘর্ষের আশঙ্কায় কলেজের প্রধান ফটকে পুলিশ মোতায়েন করা হয়।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বসে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সাংসদ গোলাম মোস্তফা শুক্রবারের নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সঙ্গে নিয়ে ইউএনও এস এ এম রফিকুন্নবী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহজাহান আলী কলেজে গিয়ে অফিসকক্ষের তালা খুলে দেন।সাংসদ গোলাম মোস্তফা অভিযোগ করেন, নিয়োগ কমিটিতে স্থান না পেয়ে মাহফুজা সুলতানা তাঁর দলবল নিয়ে বৃহস্পতিবার দুপুরে কলেজের অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন।মাহফুজা সুলতানা কলেজের অধ্যক্ষের কক্ষে তালা লাগানোর কথা অস্বীকার করে বলেন, ‘বিধিবহির্ভূতভাবে কলেজে শিক্ষক ও কর্মচারী নিয়োগ পরীক্ষা বন্ধের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজেই তাঁর কক্ষে তালা লাগিয়েছেন। আমরা তাঁকে সহযোগিতা করেছি মাত্র।’ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম তাঁর কক্ষে তালা লাগানোর কথা অস্বীকার করে বলেন, মাহফুজা সুলতানা ওই কক্ষে তালা লাগিয়েছেন।