দুই পক্ষের দ্বন্দ্বে বাজার তিন সপ্তাহ ধরে স্থবির
পাবনার বেড়া উপজেলার অন্যতম ব্যবসাকেন্দ্র হাটুরিয়া বাজার তিন সপ্তাহের বেশি সময় ধরে স্থবির হয়ে রয়েছে। বাজারের দুই শতাধিক দোকানের মধ্যে ১০-১৫টি ছাড়া বেশির ভাগ ব্যবসায়ী নিরাপত্তার অভাবে দোকান থেকে মালামাল সরিয়ে রেখেছেন। এসব দোকানের বেশির ভাগই নিয়মিত খোলা হচ্ছে না। হাটুরিয়া ও জগন্নাথপুর গ্রামের দুটি গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এই অবস্থার সৃষ্টি হয়েছে। প্রায় আড়াই মাস ধরে চলা দুই গোষ্ঠীর পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। এ ছাড়া ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে অন্তত ১৫টি দোকানে। সরেজমিনে জানা যায়, হাটুরিয়া বাজারের এক পাশে হাটুরিয়া ও অন্য পাশে জগন্নাথপুর গ্রামের অবস্থান। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হাটুরিয়া গ্রামের সরকার গোষ্ঠীর সঙ্গে জগন্নাথপুর গ্রামের কয়েক ব্যক্তির দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। দুই পক্ষের মধ্যে উল্লেখযোগ্য পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে ১৬ অক্টোবর। ওই দিন জগন্নাথপুর গ্রামের কয়েক ব্যক্তি হাটুরিয়া গ্রামের হাসমত আলীকে (২৭) কুপিয়ে জখম করে। এতে ক্ষুব্ধ হয়ে হাটুরিয়া গ্রামের লোকজন নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চবিদ্যালয়ে গিয়ে জগন্নাথপুর গ্রামের ছাত্রদের ওপর হামলা চালায়। সেখানে এসএসসির নির্বাচনী পরীক্ষা চলাকালে পরীক্ষার হল থেকে মতিয়ার রহমান নামের এ পরীক্ষার্থীকে বের করে এনে কুপিয়ে জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় মতিয়ারকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে ১৮ অক্টোবর সে মারা যায়। গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, বাজারের দুই শতাধিক দোকানের মধ্যে শতাধিক দোকান খোলা হলেও সেগুলোর বেশির ভাগেই মালপত্র নেই। এসব দোকানের ১০-১৫টি নিয়মিত খোলা রাখা হলেও বেশির ভাগই বন্ধ রাখা হয়। ইতিমধ্যেই কোনো কোনো ব্যবসায়ী এই বাজার থেকে ব্যবসা গুটিয়ে নিতে শুরু করেছেন। হাটুরিয়া বাজার কমিটির সহ সাধারণ সম্পাদক আবদুল আলিম জানান, ভোর থেকে রাত ১২টা পর্যন্ত এই বাজারে লোকজনের ভিড় থাকত। অথচ এখন সন্ধ্যা নামতেই এখানে ভুতুড়ে অবস্থা দেখা দেয়। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার জানান, হাটুরিয়া বাজারসহ হাটুরিয়া ও জগন্নাথপুর গ্রামে তাঁদের সতর্ক দৃষ্টি রয়েছে। সেখানে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির আর অবনতি হতে দেওয়া হবে না। কাজেই ব্যবসায়ীদের ভয় পাওয়ার কিছু নেই। তবে বেশির ভাগ দোকানই খুলেছে। শুধু দুই পক্ষের দ্বন্দ্বের সঙ্গে সরাসরি যারা জড়িত, তাদের কিছু দোকান বন্ধ রয়েছে।