ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্র সায়াদ ইবনে মোমতাজের সব ‘হত্যাকারীর’ শাস্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে ধর্মঘট অব্যাহত রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে ক্লাস-পরীক্ষা শুরু করাসহ বিভিন্ন দাবিতে গত মঙ্গলবার বিকেল থেকে উপাচার্যকে তাঁর বাসভবনে অবরোধ করে রেখেছেন বিভিন্ন অনুষদের ছাত্র সমিতির নেতারা। দুই পক্ষের এ পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে।
সায়াদ হত্যার পরদিন থেকে এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে আন্দোলন করে আসছেন সাধারণ শিক্ষার্থীরা। ইতিমধ্যে তদন্ত কমিটি করে ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ওই তদন্তে আরও কিছু ‘খুনিকে’ শাস্তি না দেওয়ার অভিযোগ এনে আন্দোলন অব্যাহত আছে। সম্পূরক তদন্ত কমিটির মাধ্যমে সব খুনিকে শাস্তির আওতায় আনা এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে আন্দোলনের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করেন।
গতকাল সকাল নয়টার দিকে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে সমবেত হন। পরে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে আবার প্রশাসন ভবনের সামনে সমাবেশ করে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ছাত্র ধর্মঘট চলবে।
এদিকে ক্লাস-পরীক্ষা শুরু এবং যাঁরা ক্লাস-পরীক্ষায় বাধা দিচ্ছেন, তাঁদের শাস্তি ও সায়াদ হত্যার ‘প্রকৃত খুনিদের’ বিচারের দাবিতে উপাচার্য মো. রফিকুল হকের বাসভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্র সমিতির নেতারা। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। ওই রাতে উপাচার্যের বাসভবনের ভেতরের ফটকে অবস্থান করলে পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এ সময় পুলিশ তাঁদের লাঠিপেটা করে বলে অভিযোগ উঠেছে। পরে ওই রাতে সমিতির নেতারা উপাচার্যের বাসভবনের বাইরের ফটকের সামনে অবস্থান নেন।
গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময়ও উপাচার্যের বাসভবন ঘেরাও কর্মসূচি অব্যাহত ছিল। অবরোধ অবস্থায় উপাচার্য বিভিন্ন পর্যায়ে বৈঠক করছেন বলেও জানা গেছে। আন্দোলনকারীরা জানান, পুলিশি হামলার ঘটনায় উপাচার্যের নিঃশর্ত ক্ষমা ও তাঁদের দাবি পূরণে লিখিত না দেওয়া পর্যন্ত ঘেরাও কর্মসূচি চলবে।
উপাচার্য রফিকুল হক গতকাল বেলা একটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সায়াদ হত্যার বিচার করেছি বলে আমার বাসভবন ঘেরাও করে রাখা হয়েছে। অপরাধীদের দ্রুত শাস্তি দিয়েছি বলে ছাত্র সমিতির নেতা-কর্মীরা আমার পদত্যাগ দাবি করছে ও অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমাকে অবরোধ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।’ গতকাল বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বলেন, পুলিশি হামলার ঘটনায় প্রশাসনের যারা জড়িত, তাদের ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।