দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গত মঙ্গলবার রাতে পাল্টাপাল্টি ধাওয়া ও গুলির ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হন।বগিভিত্তিক পক্ষ ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) ও সিএফসির (চুজ ফ্রেন্ডস অ্যান্ড কেয়ার) মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার অজ্ঞাতনামা চারজন ও ১১ জনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় অভিযোগ দিয়েছেন ভিএক্সের মেহরাজ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, মঙ্গলবার রাত ১১টার দিকে ভিএক্সের মেহরাজ ও বিপুল শাহ আমানত হলের সামনের দোকানে নাশতা করছিলেন। এ সময় সিএফসির সদস্যরা দুটি সিএনজি অটোরিকশাযোগে এসে তাঁদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়েন। এতে তাঁরা আহত হন। এরপর ভিএক্সের সদস্যরা সিএফসি সদস্যদের ধাওয়া দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে সিএফসির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটক এলাকায় এবং ভিএক্সের সদস্যরা শাহজালাল হলের সামনে অবস্থান নেন। পরে ভিএক্সের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে সশস্ত্র মিছিল করেন। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি সাব্বির আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ নামধারী একটি পক্ষ দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা গুলি ছুড়েছে।