দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশসহ আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজে গতকাল বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির মিটিং চলাকালে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।এ সময় নেতা-কর্মীরা হামলা চালিয়ে কলেজের জানালার গ্লাস, চেয়ার-টেবিল ও দরজা ভাংচুর করেছে। উত্তেজিত নেতা-কর্মীরা কালিয়াকৈর থানার সেকেন্ড অফিসার পুলিশের উপপরিদর্শক মুহসিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, কলেজের মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার আয়োজন করা হয়। ওই সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ আ ক ম মোজাম্মেল হক। সভা চলাকালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদারের দেহরক্ষী ফয়েজ আহম্মদ অস্ত্র নিয়ে সভায় প্রবেশ করতে যান। এ সময় তাঁকে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোহসিন বের করে দিলে কামাল সিকদারের সমর্থক নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে উত্তেজিত নেতা-কর্মীরা ওই পুলিশ কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে কলেজের বারান্দায় অবরুদ্ধ করে রাখেন। এ সময় পুলিশকে লাঞ্ছিত করার প্রতিবাদে কালিয়াকৈর আঞ্চলিক শ্রমিক লীগের সহসভাপতি সাইদুর রহমান লিটন ওই পুলিশের পক্ষ নিলে শ্রমিক লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে পুলিশসহ কমপক্ষে ছয়জন নেতা-কর্মী আহত হন। আহত নেতা-কর্মীরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে সাংসদ মোজাম্মেল হক এমপি উত্তেজিত নেতা-কর্মীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে সভার কার্যক্রম স্থগিত করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।