দুই পক্ষের পাল্টাপাল্টি পাঁচটি শাখা কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের দুটি পক্ষ পাল্টাপাল্টি পাঁচটি শাখা কমিটি গঠন করেছে। এ নিয়ে বিবদমান পক্ষগুলোর মধ্যে সহিংসতার আশঙ্কা করছেন দলীয় নেতা-কর্মীরা।দলীয় সূত্র জানায়, গত ২৬ এপ্রিল জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সারের পক্ষ পাঁচটি শাখা কমিটি ঘোষণা করে। এরপর গত ২৮ এপ্রিল শহরে আনন্দ মিছিল বের করে এই পক্ষ। অন্যদিকে নতুন পাঁচ কমিটির বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর পক্ষ গত ২৭ এপ্রিল পাল্টা পাঁচটি কমিটি গঠন করে। গতকাল শনিবার এই পক্ষ কুমিল্লা শহরে আনন্দ মিছিল বের করে। এ পরিস্থিতিতে জেলা ছাত্রদলের কোন্দল ছড়িয়ে পড়েছে শহর ও আশপাশের পাঁচটি শাখা কমিটিতে।জানা যায়, জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশ ১০১ সদস্যের কুমিল্লা শহর আহ্বায়ক কমিটি, ৮১ সদস্যের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কমিটি, আদর্শ সদর উপজেলায় ৯১ সদস্যের আহ্বায়ক কমিটি, সদর দক্ষিণ উপজেলা ও পৌরসভা শাখার আংশিক কমিটি ঘোষণা করে। অন্যদিকে জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদকের পক্ষ ওই শাখাগুলোতে পাল্টা কমিটি গঠন করে।জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সারের দাবি, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদকের পক্ষ অবৈধভাবে কমিটি ঘোষণা করেছে। কমিটি ঘোষণার এখতিয়ার তাদের নেই। তাদের কমিটিতে অস্ত্রধারী ও অছাত্র রয়েছে।অন্যদিকে জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সাজ্জাদুল কবীর বলেন, ‘আমাদের না জানিয়ে সম্পূর্ণ অগঠনতান্ত্রিকভাবে ওই কমিটি গঠন করা হয়েছে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে তারা নিজেদের অনুসারীদের দিয়ে পকেট কমিটি ঘোষণা করেছে। এরই প্রতিবাদে আমরা পাল্টা কমিটি ঘোষণা করেছি। আমাদের কমিটিতে কোনো অস্ত্রধারী ও অছাত্র নেই।’জানা যায়, ২০১০ সালের ২৭ জুলাই কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নয় সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিকে ওই বছরের ১১ আগস্টের মধ্যে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটির সদস্যদের নাম কেন্দ্রে পাঠাতে বলা হয়। একই সঙ্গে ২০১০ সালের ২৭ অক্টোবর জেলার অধীন শাখা কমিটিগুলো গঠন করতে বলা হয়। কিন্তু এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। উল্টো তারা দুই পক্ষে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি পাঁচটি কমিটি ঘোষণা করেছে। এ অবস্থায় ছাত্রদলের রাজনীতিতে অস্থিরতা ছড়িয়ে পড়েছে।জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা নিয়ে কমিটি গঠনের কাজ পেছানো হয়েছে।