মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষ আজ বুধবার পাল্টাপাল্টি বর্ধিত সভা ডেকেছে। এক পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং অপর পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমদ নেতৃত্ব দিচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের নেতৃত্বাধীন পক্ষ বেলা ১১টায় উপজেলা পরিষদের জনমিলন কেন্দ্রে উপজেলা কমিটির বর্ধিত কর্মিসভা ডেকেছে। সভায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সাংসদ আব্দুস শহীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ।
অপরদিকে সকাল ১০টায় কুলাউড়া পৌর শহরের চাতলগাঁও এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ কে এম সফি আহমদের নেতৃত্বাধীন পক্ষ উপজেলা কমিটির বর্ধিত কর্মিসভা ডেকেছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফিরোজ। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) সৈয়দ বজলুল করিম।
এ ব্যাপারে জানতে চাইলে এক পক্ষের নেতা রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমরা ইতিমধ্যে উপজেলার ১৩টি ইউনিয়নে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করে ফেলেছি। এখন বর্ধিত কর্মিসভা ডেকেছি। সভায় জেলার নেতাদের কাছে দ্রুত উপজেলা কমিটির সম্মেলন ও কাউন্সিল আয়োজনের দাবি জানাব।’
অপর পক্ষের নেতা এ কে এম সফি আহমদ বলেন, তাঁরাও ১৩টি ইউনিয়নে সম্মেলন ও কাউন্সিল করে কমিটি গঠন সম্পন্ন করেছেন। বর্ধিত সভায় উপজেলা কমিটির সম্মেলন ও কাউন্সিলের ব্যাপারে আলোচনা হবে। সভা শেষে পৌর শহরে তাঁরা মিছিল করবেন।
এ ব্যাপারে জানতে চাইলে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ গতকাল মঙ্গলবার বলেন, ‘কুলাউড়ায় দলের বর্ধিত সভার যাঁরা আয়োজন করেছেন, সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন। এর বাইরে কেউ সভা ডাকলে বিষয়টি আমার জানা নেই।’
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফিরোজ মুঠোফোনে বলেন, ‘কুলাউড়ায় দলের উপজেলা কমিটির তিন ভাগের দুই ভাগ সদস্য সলমানের (এ কে এম সফি আহমদের ডাকনাম) পক্ষে। রেনুর (রফিকুল ইসলামের ডাকনাম) পক্ষ মিটিং ডাকলে কোরাম সংকটে পড়বে। আমরা সলমানের মিটিংয়ে যাব।’
দলের একটি সূত্র জানায়, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর কুলাউড়া পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে রফিকুল ইসলাম ও এ কে এম সফি আহমদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ওই নির্বাচনে সফি আহমদ দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। নির্বাচনে বিজয়ী হন দলের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শফি আলম ইউনুছ। নির্বাচনে রফিকুল বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেন বলে সফি আহমদ অভিযোগ তোলেন। এরপর থেকে দুই নেতার মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
কুলাউড়া থানার ওসি মো. শামসুদ্দোহা বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি সভাকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে ব্যাপারে পুলিশ সতর্ক থাকবে।