দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা আ.লীগের আট নেতা গ্রেপ্তার
খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি মামলায় উভয় পক্ষের আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার আলতাফ হোসেন নামের এক ব্যক্তি বাবুছড়া বাজারে নাছিরের দোকানে গেলে সেখানে বাবুছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের ভাই জিয়াউর রহমান ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় এলাকাবাসী ধাওয়া করে জিয়াউর রহমান, তাঁর সহযোগী সেলিম (২৬), মাসুম (২৩) ও হারুন (৩২) নামের চারজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় আলতাফ হোসেন বাদী হয়ে ওই চারজনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে।এরপর গত সোমবার মজিবুর রহমান বাদী হয়ে তাঁর ভাইসহ ওই চারজনকে মারধরের ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নন্দন ঘোষ, নজরুল ইসলাম, মাসুম, জাহাঙ্গীরসহ যুবলীগের নয়জন কর্মীর বিরুদ্ধে মামলা করেন। পুলিশ সোমবার অভিযান চালিয়ে বাবুছড়া বাজার থেকে নন্দন ঘোষ, কৃষ্ণ সেন, নজরুল ইসলাম ও মাসুম নামের চারজনকে গ্রেপ্তার করেছে।বাবুছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সমরজিৎ চাকমা লেপ্যা জানান, নন্দন ঘোষ দলের পদে থাকলেও বর্তমানে তিনি দলের কোনো কর্মসূচিতে অংশ নেন না। ঘটনার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষচন্দ্র পাল জানান, বাবুছড়ায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বাবুছড়া পুলিশ ফাঁড়ির সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে।