দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ, উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় স্কুলছাত্র মাশুক ফেরদৌস হত্যা মামলায় শহরের মাটিডালি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও মাটিডালি ক্রীড়া চক্রের সভাপতি মাহবুব হামিদ ও তাঁর ছোট ভাই বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেজবাহুল হামিদসহ ‘নির্দোষ’ ব্যক্তিদের ‘ষড়যন্ত্রমূলকভাবে’ আসামি করার প্রতিবাদে গতকাল শুক্রবার মাটিডালি বন্দরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের ক্লাব মাটিডালি ক্রীড়া চক্র এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।
অন্যদিকে মাশুক হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে একই সময়ে শহরের মাটিডালি বিমান মোড়ে ‘সচেতন এলাকাবাসী’র ব্যানারে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইমদাদুল হকের ছেলে ও শহরের এসওএস হারম্যান মেইনার কলেজের নবম শ্রেণির ছাত্র মাশুক ফেরদৌসকে গত ১৩ মে সন্ধ্যায় শহরের মাটিডালি হাজিপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ইমদাদুল হক বাদী হয়ে মাটিডালি উচ্চবিদ্যালয়ের সভাপতি মাহবুব হামিদ, তাঁর ছোট ভাই শহরের ১৭ ওয়ার্ডের কাউন্সিলর মেজবাহুল হামিদ, মাটিডালি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ১৬ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।
মাটিডালি ক্রীড়া চক্রের উদ্যোগে অনুষ্ঠিত গতকালের মানববন্ধন ও সমাবেশে বক্তারা স্কুলছাত্র মাশুক ফেরদৌস হত্যার বিচার এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে শত্রুতামূলক ও প্রতিহিংসাপরায়ণ হয়ে প্রতিপক্ষকে ঘায়েলের জন্য নির্দোষ ব্যক্তিদের আসামি করার নিন্দা জানানোর পাশাপাশি মিথ্যা অভিযোগ থেকে তাঁদের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, মাশুক হত্যা মামলায় ১৮ মে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কামরুজ্জামানের আদালতে দিদারুল ইসলাম ওরফে নাঈম নামের একজন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। স্বীকারোক্তিতে উল্লেখ করা হয়েছে, কফির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মাশুককে খাওয়ানোর পর লাঠি দিয়ে একাই তাকে পিটিয়ে হত্যা করেছে সে (নাঈম)। এতে স্পষ্ট হয়েছে, ব্যবসায়ী মাহবুব হামিদ, কাউন্সিলর মেজবাহুল হামিদসহ নিরীহ লোকজন কোনোভাবেই এই হত্যাকাণ্ডে জড়িত নন। তাই সাজানো এই মামলা থেকে নিরপরাধ ব্যক্তিদের অব্যাহতি দিতে হবে।
মাটিডালি ক্রীড়া চক্রের সহসভাপতি শাহাজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন মাটিডালি ক্রীড়া চক্রের প্রধান উপদেষ্টা মোকছেদুল হামিদ ও সাধারণ সম্পাদক ফারুকুল হাসান, বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নাদিম মাহমুদ প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও একাত্মতা ঘোষণা করেন।
অন্যদিকে সচেতন এলাকাবাসী আয়োজিত মাটিডালি মোড়ের মানববন্ধন ও সমাবেশ থেকে অভিযোগ করা হয়, মাটিডালি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে স্কুলছাত্র মাশুক ফেরদৌসের বাবা ইমদাদুল হকের সঙ্গে মাহবুব হামিদ ও তাঁর ভাই মেজবাহুল হামিদের বিরোধের জেরেই স্কুলছাত্র মাশুককে হত্যা করা হয়েছে। কিন্তু এই খুনের ইন্ধনদাতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। এসব চিহ্নিত খুনিকে গ্রেপ্তার করতে হবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিন, আইনজীবী হাবিবুর রহমান, গোলাম রব্বানি, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ পশারী, শহর জাসদের সভাপতি রবীন্দ্রনাথ দাস, সদর উপজেলা জাসদের সভাপতি হারুনার রশিদ চৌধুরী, জেলা যুবজোটের সাধারণ সম্পাদক ওবায়দুল হকসহ মাটিডালি এলাকার নানা শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
স্থানীয় ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করে উভয় পক্ষ দুই দিন থেকে মাইকিং করায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর কিছু ঘটতে দেওয়া হয়নি।