দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় মহেশখালীতে ১৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে গতকাল বুধবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরাজিত দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে এই সহিংসতার ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা বাজারে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল আলম সিকদারের ছোট ভাই জাহেদ হোসেন মোহাম্মদ আলমের কাছ থেকে লাকড়ি বাবদ দেওয়া ৩০ হাজার টাকা দাবি করেন। আলম আরেক চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলীর সমর্থক। টাকা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে জাহেদ তাঁকে মারধর করেন। ঘটনা জানার পর মোহাম্মদ আলীর সমর্থকেরা সন্ধ্যায় লম্বাঘোনা বাজারে হামলা চালায়। এতে জহিরের চাচতো ভাই ইউপি সদস্যসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ইউপি সদস্য রেজাউল করিম (৪০), তাঁর ছেলে মোয়াজ্জেম উদ্দিন হোসেন (১৮), শামসুল আলম (৪২) ও মোহাম্মদ হোসাইনুর রহমানকে (২২) আশঙ্কাজনক অবস্থায় গতকাল রাত আটটায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময়ের সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মোহাম্মদ আলীর সমর্থক জমির উদ্দিন দাবি করেন, ‘জহিরের সমর্থকেরা ভোট না দেওয়ার অজুহাত দেখিয়ে লম্বাঘোনা বাজারে আমার মুদির দোকানে এসে আমাকে মারধর করে। এতে আমার স্বজনেরা ক্ষিপ্ত হয়ে জহিরের লোকজনের ওপর হামলা চালায়। আগের দিন মোহাম্মদ আলীর কয়েকজন সমর্থককেও মারধর করে তারা।’মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, দুই পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী ও জহিরের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে জহিরের বেশ কয়েকজন সমর্থক ও স্বজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাল্টাপাল্টি হামলার ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত রোববার ছোট মহেশখালী ইউপি নির্বাচনে বিএনপির নেতা সিরাজুল মোস্তফা চেয়ারম্যান পদে নির্বাচিত হন।