দুই পক্ষের পৃথক সভায় গেলেন মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষ গতকাল বৃহস্পতিবার বিকেলে পৃথক সমাবেশ করেছে। উভয় সমাবেশে বক্তব্য দিয়েছেন বিভেদ নিরসনের জন্য দায়িত্বপ্রাপ্ত সাংসদ মোশাররফ হোসেন। লালদীঘি ময়দানে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষ এবং মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে যুগ্ম সম্পাদক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনপন্থীরা শিশু-কিশোর সমাবেশ ও আলোচনা সভা করে।মোশাররফ হোসেন প্রথমে মুসলিম ইনস্টিটিউট হলে গিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, ‘নগর আওয়ামী লীগের বিভেদ নিরসনের জন্য আমাদের তিনজনকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। সে লক্ষ্যে কাজ চলছে। অচিরে বিভেদ মিটিয়ে ঐক্যবদ্ধভাবে দুই পক্ষকে নিয়ে সমাবেশ করা হবে।’ সভায় সভাপতিত্ব করেন নগর কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী। এতে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন প্রমুখ। সমাবেশে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।মুসলিম ইনস্টিটিউটে বক্তব্য শেষ করে মোশাররফ হোসেন লালদীঘি ময়দানে মহিউদ্দিন-পন্থীদের সমাবেশে যোগ দেন। এই সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ইসহাক মিয়া। এ ছাড়া মহিউদ্দিন চৌধুরী, নগর কমিটির সহসভাপতি সুনীল সরকার, সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, আ জ ম নাছির উদ্দিন, নগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম প্রমুখ বক্তব্য দেন। সমাবেশের শুরুতে শিশু-কিশোরদের নিয়ে কেক কাটেন নেতারা।