দুই পক্ষের প্রকাশ্য বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে।যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের ‘তাণ্ডব’র প্রতিবাদে নড়াইল-২ (লোহাগড়া-সদর) আসনের সাংসদ এস কে আবু বাকেরের নেতৃত্বে গতকাল সোমবার একটি পক্ষ মিছিল-সমাবেশ করেছে।এদিকে ৯ ডিসেম্বর একই ইস্যুতে উপজেলা আওয়ামী লীগের অপর পক্ষ উপজেলা সদরে মিছিল-সমাবেশ করে। ওই দিন মিছিলে সাংসদ এস কে আবু বাকেরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অনেকেই ওই সাংসদের বিরুদ্ধে বিষদ্গার করেন। ওই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আবদুল হান্নান। মঞ্জুরুল করিমের সঞ্চালনায় বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদা রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন প্রমুখ।গতকাল সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত উপজেলা সদরে মিছিল শেষে লক্ষ্মীপাশার আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে সাংসদ এস কে আবু বাকেরের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। বর্তমান সাংসদকে সৎ লোক হিসেবে উল্লেখ করে বক্তারা তাঁর বিরুদ্ধে অপবাদ দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী আলাউদ্দীন। বক্তব্য দেন সাংসদ এস কে আবু বাকের, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক শিকদার জাহাঙ্গীর আলম, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানারা শামীম, জয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সৈয়দ মসিয়ূর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক প্রমুখ।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার আবদুল হান্নান প্রথম আলোকে জানান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী ৯ ডিসেম্বর যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে সভা-সমাবেশ করা হয়েছিল। সাংসদ এস কে আবু বাকের ওই সমাবেশ বানচাল করারও চেষ্টা করেছিলেন। এখন তিনি নিজের অবস্থান দেখাতে পাল্টা সমাবেশ করেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে যাঁরা ওই সমাবেশে অংশ নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।এ প্রসঙ্গে সাংসদ এস কে আবু বাকের বলেন, ‘কিছু লোক আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করতে একত্র হয়ে আমার বিরুদ্ধে কাজ করছেন। আমার বিরুদ্ধে কিছু করে ফায়দা হবে না।’