দুই পক্ষের প্রস্তুতির অভাব, ট্রাইব্যুনালের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার পলাতক সৈয়দ মো. হাসান আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আগামী ২২ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গতকাল সোমবার এ মামলার শুনানির সময় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষে শুনানি করেন কৌঁসুলি মোহাম্মদ আলী ও আবুল কালাম। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান।
হাসান আলীর বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন, আটক ও নির্যাতনের ছয়টি অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। এতে বলা হয়েছে, হাসান আলী একাত্তরে ছিলেন কিশোরগঞ্জের তাড়াইল থানার রাজাকার কমান্ডার।
শুনানিতে হাসান আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আরজি জানান মোহাম্মদ আলী। এ সময় রাষ্ট্রপক্ষের উদ্দেশে ট্রাইব্যুনাল বলেন, ‘মামলার আনুষঙ্গিক নথিপত্র হিসেবে এই পত্রিকার কাটিংগুলো কেন জমা দেওয়া হয়েছে? মামলার সঙ্গে এগুলোর কী সম্পর্ক আছে। আপনারা এসব অপ্রাসঙ্গিক নথিপত্র কেন জমা দেন?’ ট্রাইব্যুনাল বলেন, ‘আসামি পলাতক থাকায় আপনারা মামলাটি হালকাভাবে নিয়েছেন। আপনারা মামলার শুরুতে বা তদন্তে গুরুত্ব দেন না, কিন্তু রায়ের পর ঠিকই একজন আরেকজনকে দোষারোপ করেন।...আমরা অনেক কিছু বলতে পারি না, গণমাধ্যমে প্রতিদিনই আপনাদের নিয়ে লেখা হয়।’
রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খানের ওপরও ট্রাইব্যুনাল অসন্তোষ প্রকাশ করে পরবর্তী ধার্য দিনে ভালো করে প্রস্তুতি নিয়ে আসার পরামর্শ দেন।
১৭ সেপ্টেম্বর দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বিভাগ। পরদিন এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে রায় অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল-১। এ দিন সাঈদীর রায়ের পর বিচারকদের সমালোচনা করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল।
প্রকাশিত সংবাদ নিয়ে প্রতিবাদ, প্রতিবেদকের বক্তব্য: ১৯ সেপ্টেম্বর প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘সর্বোচ্চ আইন কর্মকর্তা ও তদন্ত সংস্থা মুখোমুখি’ শীর্ষক প্রতিবেদনের একটি লাইনের প্রতিবাদ করেছেন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। তিনি বলেছেন, ওই প্রতিবেদনে তাঁর বক্তব্য হিসেবে ‘তদন্তে বা মামলা পরিচালনায় অনভিজ্ঞতা আমাদের সবারই ছিল’—এ কথা ছাপা হয়েছে, যা তিনি বলেননি।
এ বিষয়ে প্রতিবেদকের বক্তব্য হলো, সৈয়দ হায়দার আলীর বক্তব্য ছিল, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর অধীনে মামলা তদন্ত বা পরিচালনায় অনভিজ্ঞতা আমাদের সবারই ছিল।’ ভুলবশত আইনের নাম লেখা হয়নি, এর ফলে ফৌজদারি মামলার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে বলে মনে হচ্ছে। এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত, কারণ সৈয়দ হায়দার আলী ফৌজদারি আইনজীবী হিসেবে পরিচিত নাম। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।