দুই পক্ষের বিরোধে সেতুর কাজ বন্ধ
কুড়িগ্রাম রৌমারী উপজেলায় দুই পক্ষের বিরোধের কারণে একটি পাকা সেতুর নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে। অথচ এক বছর আগেই ওই কাজ শেষ হওয়ার কথা ছিল। এতে উপজেলার দুটি গ্রামের আট হাজার লোক ভোগান্তি পোহাচ্ছেন।
স্থানীয় লোকজন জানান, ভারতীয় সীমান্তঘেঁষা রৌমারীর দুটি গ্রাম কলমেরচর ও গয়টাপাড়া। জিঞ্জিরাম নদ শৌলমারী ইউনিয়নের মূল ভূখণ্ড থেকে গ্রাম দুটিকে বিচ্ছিন্ন করে রেখেছে। গ্রামগুলোর পূর্ব দিকে ভারতের আসাম রাজ্য আর পশ্চিমে জিঞ্জিরাম নদের অপর পারে চতলাকান্দা গ্রাম। এই পাড়ে ইউনিয়ন পরিষদ ও উপজেলা শহর। তাই নানা কাজে বাধ্য হয়ে কলমেরচর ও গয়টাপাড়ার লোকজনকে চতলাকান্দা গ্রামের ভেতরের রাস্তা দিয়ে ইউনিয়ন পরিষদ ও উপজেলায় যেতে হয়।
স্থানীয় কয়েকজন আরও জানান, মূলত দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় গয়টাপাড়ার লোকজন যে প্রার্থীকে ভোট দেন সে প্রার্থীই জয়ী হন। এ কারণে চতলাকান্দার লোকজন তাঁদের রাস্তা দিয়ে কলমেরচর ও গয়টাপাড়া গ্রামের বাসিন্দাদের যাতায়াত বন্ধ করে দেন। এভাবে দীর্ঘ দুই মাস লোকজন অবরুদ্ধ ছিলেন। পরে প্রশাসন, স্থানীয় সাংসদ ও ইউপি চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু বাস্তবে চতলাকান্দার লোকজনের মধ্যে বিরোধী মনোভাব থেকে যায়। আর এর জের ধরেই ওই দুই গ্রামের লোকজনকে সমস্যায় ফেলতে চতলাকান্দার লোকজন ষড়যন্ত্র করে সেতুটির নির্মাণকাজ বন্ধ করে দেন বলে ভুক্তভোগী অধিবাসীদের দাবি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রৌমারী কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামে জিঞ্জিরাম নদে ৫৪ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০১৩ সালের জুন মাসে। নির্মাণের ব্যয় ধরা হয় প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা। ২০১৪ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল। চতলাকান্দা গ্রামের শ্রমিকদের বাধার কারণে সেতুর কাজ যথাসময়ে শেষ হয়নি। এর মধ্যেও ঢিমেতালে কাজ চলছিল। কিন্তু চলতি বছরের মার্চ মাসে চতলাকান্দা গ্রামের নুরুল ইসলাম তাঁর জমিতে সেতু নির্মাণ করা হচ্ছে বলে দাবি করে হাইকোর্টে রিট করেন। এতে হাইকোর্ট সেতুটি নির্মাণের ওপর স্থগিতাদেশ জারি করলে নির্মাণকাজ সম্পূর্ণই বন্ধ হয়ে যায়।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সেতু নির্মাণের কাজ বন্ধ। সড়কজুড়ে গর্ত করে রাখা হয়েছে। হেঁটে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। স্থানীয় লোকজন অভিযোগ করেন, চতলাকান্দা গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম সড়ক কেটে গর্ত করে রেখেছেন।
গয়টাপাড়া গ্রামের বাসিন্দা আলেখ মিয়া, জীবন হোসেনের অভিযোগ—চতলাকান্দা গ্রামের মানুষ গায়ের জোরে তাঁদের নির্যাতন করছেন। সেতুটি নির্মাণ না হওয়াতেই বর্ষাকালে তাঁরা বেশি দুর্ভোগ পোহান।
নুরুল ইসলাম দাবি করেন, ‘যেখানে সেতু নির্মাণ করা হচ্ছে সে জায়গা আমার রেকর্ডিয় সম্পত্তি। সেতুর পশ্চিম পাশে যে রাস্তায় মানুষ চলাচল করে সেটাও আমার জমির ওপর দিয়ে গেছে। আমার জমিতে রাস্তা ও সেতু নির্মাণ করতে দেব না। এ কারণে সেতু নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি।’
উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন দাবি করেন, ‘সেতু নির্মাণের প্রায় ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। ওই দুই পক্ষের বিরোধ মীমাংসা করে বাকি কাজ শেষ করার চেষ্টা করছি।’