দুই পক্ষের বিরোধে বিষ দিয়ে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের ঘোষপুর গ্রামের পুকুরটিতে দুষ্কৃতকারীরা বিষ ঢেলে দিলে মাছগুলো মরে ভেসে ওঠে। পরে মাছগুলোকে জড়ো করা হয়  ছবি: প্রথম অলো
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের ঘোষপুর গ্রামের পুকুরটিতে দুষ্কৃতকারীরা বিষ ঢেলে দিলে মাছগুলো মরে ভেসে ওঠে। পরে মাছগুলোকে জড়ো করা হয় ছবি: প্রথম অলো

দুই পক্ষের বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর গ্রামে সাত দিনের ব্যবধানে দুটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের ঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজন জানান, গত ৩০ ডিসেম্বর রাতে গ্রামের আবু বক্করের পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করে দুর্বৃত্তরা। সাত দিন পর গত সোমবার দিবাগত রাতে গ্রামের আব্বাছ আলী ও আয়াছ আলীর পুকুরেও বিষ দেওয়া হয়।
পারিবারিক বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা থাকায় এক সপ্তাহের ব্যবধানে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে বলে এলাকাবাসীর ধারণা।
শমশেরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুয়েল আহমদ জানান, ঘোষপুর গ্রামের আবু বক্কর ও প্রতিবেশী আব্বাছ আলীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে একাধিক মামলা চলছে।
এসব মামলাকে কেন্দ্র করে গ্রামের কিছু সুবিধাভোগী লোক নতুন করে ওই দুই পক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে আবু বক্করের পুকুরে বিষ দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে লক্ষাধিক টাকার মাছ মারা যায়।
এ ঘটনায় ৩১ ডিসেম্বর আবু বক্কর প্রতিবেশী আব্বাছ আলীকে আসামি করে কমলগঞ্জ থানায় মামলা করেন।
এর এক সপ্তাহ পর গত সোমবার রাতে আবার আব্বাছ ও তাঁর ভাই আয়াছের মালিকানাধীন পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়।
আব্বাছ আলী বলেন, আবু বক্করই রাতে বিষ দিয়ে মাছ নিধন করেছেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।
নাম প্রকাশ অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, আসলে বিবদমান দুই পক্ষের মধ্যে ঝামেলা বাধাতে তৃতীয় পক্ষ বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। কয়েকদিন আগে পারিবারিক একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর পর থেকেই দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছে।
কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বলেন, একটি সংঘবদ্ধ চক্র উভয় পক্ষের আড়ালে এসব কাজ করছে। দুইপক্ষের বিরোধ নিয়ে মাছ নিধনের বিষযটি মেনে নেওয়া যায় না।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহার রঞ্জন নাথ বলেন, আবু বক্কর ও আব্বাছ আলীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, তাঁদের এই বিবাদকে কেন্দ্র করে তৃতীয় কোনো পক্ষ এসব ঘটনা ঘটাচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।