দুই পক্ষের মধ্যে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের কালাছড়া বন বিটে নয়টি গাছ চুরির ঘটনায় বন এলাকার গ্রামবাসী ও ফুলছড়ি চা-বাগানের শ্রমিকদের মধ্যে উত্তেজনা চলছে। এক পক্ষ অপর পক্ষকে গাছ চুরির জন্য দায়ী করছে। এদিকে গাছ চুরির ঘটনায় ২৭ সেপ্টেম্বর এক বন বিট কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লাউয়াছড়ার কালাছড়া বনবিট এলাকা থেকে ২৬ সেপ্টেম্বর রাতে একসঙ্গে নয়টি সেগুনগাছ কেটে নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ফুলছড়ি চা-বাগানের কয়েকজন শ্রমিক বলেন, কালাছড়া বন বিটের ফরেস্ট ভিলেজার (বন এলাকার গ্রামবাসী) মোহাম্মদ, হরি গৌড় ও ক্ষিরোদ দেব বর্মা বনের গাছ কেটে পাচার করছেন। কিন্তু গাছ চুরির অভিযোগে তাঁরা চা-শ্রমিকদের আটক করছেন।
গত ১৭ সেপ্টেম্বর চা-শ্রমিক কলেসটিকা তির্কীর ছেলে লিনেট তির্কীকে গ্রামবাসী গাছ চুরির অভিযোগে আটক করে। এরপর চা-শ্রমিকেরা পাহারা বসিয়ে ২৬ সেপ্টেম্বর রাতে সেগুনগাছ কাটার সময় কয়েকজন বন এলাকার গ্রামবাসীকে ধাওয়া করে দিলীপ উড়াং নামের একজনকে আটক করেন। বন বিভাগের কর্মকর্তা গাছ চুরির দায়ে মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠান। চা-শ্রমিক ও বাজারের কাঠ ব্যবসায়ীদের তথ্যমতে, নয়টি সেগুনগাছে কমপক্ষে ৫০০ ঘনফুট কাঠ ছিল। যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। গাছ চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অপরাধে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কালাছড়া বন বিট কর্মকর্তা মো. মোশারফ হোসেনকে প্রত্যাহার করেছে। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. সৈয়দ আলী বলেন, সম্প্রতি কালাছড়া বন বিট এলাকা থেকে চোরাই গাছের খণ্ডসহ সিনেট তির্কী ও দিলীপ উড়াংকে আটক করা হয়েছে। এখন কালাছড়ায় আর কোনো উত্তেজনা নেই।