দুই পক্ষের মধ্যে উত্তেজনা থানায় সাধারণ ডায়েরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল রোববার বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরাপত্তা চেয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনে সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা ও বিদ্যালয়ের বর্তমান কমিটির সভাপতি কামরুজ্জামান মাসুম পৃথক প্যানেল ঘোষণা করেন। এতে অভিভাবক প্রতিনিধি সদস্যরা বিভক্ত হয়ে পড়েন। এতে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। এ ঘটনার জেরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবু তালেব প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক ও সহকারী শিক্ষক আবদুল বাতেনের ভোটাধিকার বাতিল করেন। এ নিয়ে বৃহস্পতিবার জাহাঙ্গীর আলম নির্বাচন স্থগিত চেয়ে আদালতে আবেদন করেন। এরপর নারায়ণগঞ্জের সহকারী দায়রা জজ নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আবদুল রশিদ মোল্লার সমর্থক কামাল হোসেনসহ ১৫ থেকে ২০ জন প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ঢুকতে দেবেন না বলে ঘোষণা দেন। এতে দুই পক্ষের মধ্যে ফের উত্তেজনা দেখা দেয়। গতকাল বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির অর্ধবার্ষিক ও দশম শ্রেণির প্রাক্নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক পুলিশি পাহারায় পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন।
কামাল হোসেন বলেন, ‘আমরা প্রধান শিক্ষককে কোনো হুমকি দিইনি। ছেলেমেয়েদের লেখাপড়ার খবর নিতে আমরা বিদ্যালয়ে গিয়েছিলাম।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, নির্বাচনকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রধান শিক্ষকের লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।