দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০
পরিবহনে চাঁদাবাজির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে গতকাল মঙ্গলবার দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছে। এ সময় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ জনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে সরাইল বিশ্বরোড মোড়ে সিএনজিচালিত অটোরিকশাচালক রাশেদ মিয়ার কাছে চাঁদা দাবি করেন শ্রমিকনেতা নামধারী খাটিহাতা গ্রামের মোহাম্মদ আলী। রাশেদ চাঁদা দিতে অস্বীকার করলে মোহাম্মদ আলী তাঁকে মারধর করেন। খবর পেয়ে রাশেদের গ্রাম বেতবাড়িয়া থেকে শত শত লোক খাটিহাতা গ্রামে যায়। এ সময় দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষে গুরুতর আহত ১৬ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে সদর থানা ও দাঙ্গা পুলিশ এবং র্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।