সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি দুগ্ধ সমিতির নির্বাচন সামনে রেখে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এ সময় ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গুরুতর আহত ১০ জনকে জেনারেল হাসপাতাল ও শাহজাদপুর পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, ২৮ মার্চ শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ভাইমারা গ্রামের দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির নির্বাচন। এ নির্বাচন নিয়ে বর্তমান সভাপতি আফসার আলীর সঙ্গে আবদুল করিমের দ্বন্দ্ব চলে আসছে। গত মঙ্গলবার রাতে দুই পক্ষের সমর্থকদের কথাকাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে গতকাল সকাল নয়টায় আফসার তাঁর সমর্থকদের নিয়ে লাঠি, ফালা, হলঙ্গা, ইটপাটকেলসহ করিম সমর্থিত লোকদের ওপর হামলা করেন। পরে করিমের লোকজন সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টা সংঘর্ষ হয়। এতে রত্না, মাহমুদা, ভোলা, শাহাদত, শহিদুল, ইয়ার আলী, ওয়াজেদ, বাবলু, আজমতসহ ২৫ জন আহত হন।