দুই পক্ষের সংঘর্ষ, দলীয় সাংসদের গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙচুরের পর সাংসদ আবদুল ওয়াদুদের গাড়ি
ভাঙচুরের পর সাংসদ আবদুল ওয়াদুদের গাড়ি

রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল শনিবার আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বাছাই অনুষ্ঠানে সাংসদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সাংসদ আবদুল ওয়াদুদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের নজরুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় অন্তত ৩০ ব্যক্তি আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে রসুলপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলালসহ পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে জয়নগর ইউপির চেয়ারম্যান প্রার্থী বাছাই করতে রসুলপুর উচ্চবিদ্যালয়ের মাঠে বর্ধিত সভা চলছিল। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ কাজী আবদুল ওয়াদুদ। সভা শুরুর কিছুক্ষণ পর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদের নেতৃত্বে দেড়-দুই হাজার নেতা-কর্মী বিদ্যালয়ের মাঠে এসে জড়ো হন। এ নিয়ে মজিদ ও সাংসদের পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ক্ষুব্ধ আবদুল মজিদের পক্ষের নেতা-কর্মীরা সাংসদ আবদুল ওয়াদুদ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নেতা-কর্মীদের পাহারায় সাংসদ এলাকা ত্যাগ করেন।
জানতে চাইলে আবদুল মজিদ বলেন, ‘আমি লোকজন নিয়ে সভাস্থলে গিয়ে দেখি আগে থেকেই সাংসদের লোকজন লাঠিসোঁটা নিয়ে বসে আছে। লাঠি নিয়ে কেন প্রার্থী বাছাই করা হচ্ছে জানতে চাইলে সাংসদের পছন্দের প্রার্থী জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের নেতৃত্বে তাঁর লোকজন আমার ওপর হামলা চালায়। হাতুড়ি দিয়ে আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।’ তিনি জানান, পরে তিনি একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
সাংসদ আবদুল ওয়াদুদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। সাংসদের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী আবদুস সাত্তার সাংবাদিকদের ই-মেইলে জানান, আবদুল মজিদকে একজন সন্ত্রাসী মানুষ হিসেবেই দুর্গাপুরের মানুষ জানে। জেলা আওয়ামী লীগের পদে থেকে এ রকম সন্ত্রাসী কার্যকলাপ করলেন, তা মোটেই কাম্য নয়। তাঁর বিরুদ্ধে অবিলম্বে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মুঠোফোনে যোগাযোগ করা হলে সাত্তার বলেন, এটিই সাংসদের বক্তব্য।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনার কোনো মামলা হয়নি।